থানায় নিয়ে শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী থারুর
শশী থারুর

ভারতের কংগ্রেস পার্টির এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে স্ত্রী সুনন্দা পুস্কর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া ও দ্যা হিন্দুর অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, তাঁকে ভাসান্ত বিহার থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত আটটার দিকে থানায় পৌছান শশী থারুর।
উপ পুলিশ কমিশনার প্রেম নাথ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পিএস কুশওয়া, জেষ্ঠ্য পরিদর্শক রাজেন্দর সিং ও তদন্তকারী কর্মকর্তা ভিকেপিএস ইয়াদবের সমন্বয়ে চার সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁদের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটেরও থাকার কথা। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০-১৫টি প্রশ্নের সমন্বয়ে একটি প্রশ্নপত্র তৈরি করেছে। এটি তাঁকে দেওয়া হবে। তাঁর দেওয়া মৌখিক উত্তর সংরক্ষণ করা হবে।
দিল্লীর পুলিশ কমিশনার বিএস বাসি বলেন, এ মামলার সঙ্গে প্রাসঙ্গিক সব ব্যক্তিকেই তদন্ত কাজের অংশ হিসেবে জিজ্ঞাসবাদ করেছে পুলিশ। এর আগে এ মামলার তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতার কথা বলেছিলেন শশী থারুর।
গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির একটি হোটেলে পুস্করের লাশ পাওয়া যায়। পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয় জানিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি। তীব্র বিষক্রিয়াই তাঁর মৃত্যুর কারণ বলে চিকিৎসকদের অনুমান। সেই বিষ জোর করে তাঁকে খাওয়ানো হয়েছিল, নাকি ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে দিল্লি পুলিশ।