থানায় এনে 'ক্যাটওয়াক', ধরা পড়ল চোর
সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোরের মুখটা দেখা যায়নি। কালো চাদর দিয়ে ঢাকা ছিল মুখ। তবে কীভাবে সে হাঁটে, সেই ধরনটা ধরা পড়েছিল ক্যামেরায়।
অগত্যা কী আর করা। থানায় ডেকে আনা হলো এলাকার সব চোরকে। ঠিক ফ্যাশন শোয়ের মতো ‘ক্যাটওয়াক’-এর আয়োজন করা হলো। এর অর্থ কী, তা ভেবে চোরেরাও হতবাক! হাসি হাসি মুখে পুলিশ কর্মকর্তারা মনোযোগ দিয়ে সেই ক্যাটওয়াক দেখলেন।
আর এই ক্যাটওয়াকই ধরিয়ে দিল আসল চোরকে। পরে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হলো চুরি যাওয়া মালামালের একাংশও। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। আনন্দবাজার পত্রিকায় আজ এ খবর ছাপা হয়েছে।
গতকাল শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আলীপুর আদালত। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রঞ্জিত সরদারের বিরুদ্ধে আগেই এলাকায় চুরিসহ একাধিক অপরাধের অভিযোগ ছিল।
পুলিশ তথ্যমতে, টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে মেয়েকে নিয়ে দুই সপ্তাহ আগে হায়দরাবাদ থেকে কলকাতায় আসেন শৈলভা আবরু। কেয়াতলা রোডে একটি হোটেলে ঘর ভাড়া নেন তাঁরা। পুলিশকে ওই নারী জানিয়েছেন, ১৮ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, তাঁদের একটি ব্যাগ, দুজনের মোবাইল ফোন ও পাসপোর্ট উধাও।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পেছনে একটি বাড়ির ছাদ থেকে টপকে হোটেলের ছাদে নামেন। তারপর সিঁড়ি বেয়ে নেমে চারতলায় আসে। ওই ঘরের লক খুলে ভেতরে ঢুকে যায় ওই ব্যক্তি। কিছুক্ষণ পরে একটি ব্যাগ হাতে ফিরে যাচ্ছে একই পথে।
কালো চাদরে মুখ ঢাকা ওই ব্যক্তিকে চিনতে সিসিটিভি ফুটেজ বারবার খতিয়ে দেখে পুলিশ। এরপর হাঁটার ধরন খেয়াল করে শুরু হয় চোরের খোঁজ। পুলিশ নিশ্চিত ছিল, এ স্থানীয় চোরেরই কাজ। তাই এলাকার সব চোরকে ডেকে থানায় শুরু হয় ক্যাটওয়াক। রঞ্জিতের সঙ্গে মিলে যায় হাঁটার ধরন। পরে তার ঘর থেকেই চুরি যাওয়া দুটি মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত কালো চাদর পাওয়া যায়। তবে চুরি যাওয়া পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র এখনো পাওয়া যায়নি।