থামতে বলায় পুলিশের ওপর দিয়েই পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনকে প্রতিদিনের মতো সেদিনও জরিমানার জন্য আটকানো হচ্ছিল। তবে এক চালক কিছুতেই গাড়ি থামাতে চাইছিলেন না। একপর্যায়ে এক ট্রাফিক পুলিশের ব্যারিকেড গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিয়ে ফেলে ওই পুলিশের ওপর দিয়ে চালিয়ে গেলেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পুলিশ সদস্য। পরে ওই চালককে গ্রেপ্তার করা হয়। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আজ বুধবার এনডিটিভির নিউজে বলা হয়, গত রোববার ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাদায় ঘটেছে এ ঘটনা। নিউজের সঙ্গে সেখানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও দেওয়া হয়। খবরে বলা হয়, প্রতিদিনের মতো গত রোববার সকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশরা ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনকে জরিমানা করছিল। ওই সময় সেখানে সাদা রঙের একটি মারুতি সেলারিও গাড়ি আসে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে থামতে বলা হলে তিনি গাড়ি না থামিয়ে চালাতে শুরু করেন।
ভিডিওতে দেখা গেছে, শুরুতে মনে হচ্ছিল পুলিশের নির্দেশ মেনে চালক গাড়িটি থামাবেন। গতি কমিয়ে এনে হঠাৎ করেই আবার গাড়িটি চালাতে শুরু করেন চালক। ওই সময় গাড়ির সামনে দাঁড়িয়ে চারজন ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু ওই পুলিশ সদস্যদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে যান চালক। ওই সময় এক পুলিশ সদস্য তাঁর সামনে থাকা ভ্রাম্যমাণ ব্যারিকেডটি দ্রুত গাড়িটির সামনে টেনে দিয়ে আটকানোর চেষ্টা করেন। কিন্তু চালক গাড়ি দিয়ে ব্যারিকেড ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই পুলিশের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন ভঙ্গ করা যানবাহনকে থামাতে গিয়ে প্রায়ই জীবনের ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে ট্রাফিক পুলিশ।

গত বছর পূর্ব দিল্লিতে একটি চলন্ত ট্রাককে থামার নির্দেশ দিলে চালক তা মানেননি। এতে ট্রাকটি ব্যারিকেড ভেঙে এক পুলিশ কনস্টেবলের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল ভিগনেশ মারা যান।