দক্ষিণ এশীয় স্যাটেলাইটের ১৩ তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত দক্ষিণ এশীয় স্যাটেলাইট জিস্যাট-৯–এর সফল উৎক্ষেপণ করেছে গত শুক্রবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই দিন বিকেলে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

এই স্যাটেলাইট উৎক্ষেপণকে ভারতের আঞ্চলিক শক্তি ও প্রভাবের প্রদর্শন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই স্যাটেলাইটের নামকরণ করা হয় সার্ক স্যাটেলাইট। তবে পাকিস্তান এই প্রকল্পে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবং বিরাট এই প্রকল্পে আফগানিস্তানের সঙ্গে চুক্তিতে পৌঁছা সম্ভব না হওয়ার পর এর নাম পরিবর্তন করা হয়। দক্ষিণ এশীয় স্যাটেলাইট সম্পর্কে ১৩টি তথ্য নিচে তুলে ধরা হলো :

১. জিস্যাট-৯ থেকে পাওয়া তথ্য নেপাল, ভুটান, মালদ্বীপ বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করা হবে।

২. অংশগ্রহণকারী দেশগুলোতে ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগের জন্য অন্তত একটি করে ট্রান্সপন্ডার থাকবে। এতে করে অংশগ্রহণকারী দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

৩. ১২ বছর মেয়াদকালে এই স্যাটেলাইট থেকে অংশগ্রহণকারী দেশগুলো আর্থিক মানদণ্ডে আনুমানিক ১০ হাজার কোটি রুপির সুবিধা পাবে।

৪. ওই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের জন্য অংশগ্রহণকারী দেশগুলোকে নিজেদের দায়িত্বে স্থল অবকাঠামো নির্মাণ করতে হবে। তবে এই অবকাঠামো নির্মাণে ভারত সহায়তা করবে।

৫. এই স্যাটেলাইট অংশগ্রহণকারী দেশগুলোকে হটলাইন সুবিধা দেবে। এ ছাড়া ভূমিকম্প, সাইক্লোন, বন্যা এবং সুনামিপ্রবণ এই অঞ্চলে দুর্যোগের সময় তথ্য দিয়ে সহায়তা করবে।

৬. ২ হাজার ২৩০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি তিন বছর ধরে তৈরি করা হয়েছে। এটি পুরোপুরি একটি যোগাযোগ স্যাটেলাইট। এতে ব্যয় হয়েছে ২৩৫ কোটি রুপি। এই স্যাটেলাইট মিশনের মেয়াদ ১২ বছরের বেশি।

৭. ৫০ মিটার দীর্ঘ ও প্রায় ৪১২ টন ওজনের একটি রকেট এই দক্ষিণ এশীয় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে।

৮. ২০১৪ সালের ৩০ জুন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (আইএসআরও) একটি স্যাটেলাইট তৈরির প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; যে স্যাটেলাইটটি প্রতিবেশীদের জন্য উৎসর্গ করা হবে ‘উপহার’ হিসেবে।

৯. নিজেদেরই মহাকাশ কর্মসূচি রয়েছে উল্লেখ করে প্রস্তাবিত সার্ক স্যাটেলাইটে অন্তর্ভুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এ পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২২ জুনের সভায় মোদির ওই প্রচেষ্টাটি ধাক্কা খায়।

১০. এই কর্মসূচির নাম পরিবর্তন করে রাখা হয় ‘দক্ষিণ এশীয় স্যাটেলাইট’। সূত্র জানিয়েছে, এই কর্মসূচিতে পাকিস্তানের ভেটো দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি।

১১. ভারতের প্রতিবেশী তিনটি দেশের এরই মধ্যে পূর্ণাঙ্গ যোগাযোগ স্যাটেলাইট রয়েছে। দেশ তিনটি হলো পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে।

১২. বিশেষজ্ঞরা বলছেন, এই স্যাটেলাইটের আওতায় না থাকায় ‘পাকিস্তান একটি সুযোগ হারাল’, কারণ দেশটির নিজেদের মহাকাশ কর্মসূচি ভারতের তুলনায় নিতান্তই প্রাথমিক ধাপে রয়েছে। যদিও ভারতের চেয়ে পাঁচ বছর আগে ইসলামাবাদ তার প্রথম রকেট উৎক্ষেপণ করে এবং পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফেয়ার রিসার্চ কমিশন ভারতের আইএসআরও থেকে অনেক আগে প্রতিষ্ঠা করা হয়।

১৩. প্রতিবেশী দেশগুলোর ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিক্রিয়ায় ভারত দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস