দক্ষিণ ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে গতকাল শুক্রবার সকালে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যের সীমান্তে একটি আন্তনগর ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এনডিটিভির।
রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রদেশের রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আনিকেল এলাকায় বেঙ্গালুরু-এরনাকুলাম আন্তনগর ট্রেনটি সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনার শিকার হয়। এতে আরও শতাধিক যাত্রী আহত হয়েছেন। হতাহতদের অনেকেই ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়ে বলে জানান কর্মকর্তারা। এ কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
রেলওয়ে কর্মকর্তারা জানান, কর্নাটক এবং তামিলনাড়ু থেকে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়।