দরিদ্রদের প্রতিই প্রথম দায়িত্ব: মোদি

ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর প্রতিই তাঁর সরকারের প্রথম দায়িত্ব।
একটি মানসম্মত আন্তর্জাতিক শুল্ক কাঠামো গঠনের ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈশ্বিক চুক্তির বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করতে গিয়ে গতকাল শুক্রবার কেরির উদ্দেশে মোদি এ কথা বলেন।
ভারতের আপত্তিতে গত বৃহস্পতিবার জেনেভায় বাণিজ্য সহজীকরণ চুক্তি (ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট—টিএফএ) অনুমোদনে ব্যর্থ হয় ডব্লিউটিও।
জেনেভা আলোচনায় শুরু থেকে কৃষিপণ্য সুরক্ষায় আরও স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল ভারত।
এর পরিপ্রেক্ষিতে মোদির উদ্দেশে কেরি বলেন, বিষয়টি নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে। চুক্তিটি কার্যকর হলে তা ডব্লিউটিও ১৯ বছরের ইতিহাসে প্রথম কোনো গুরুত্বপূর্ণ সাফল্য হতো।
কেরির এ কথার জবাবে মোদি বলেন, ‘যদিও আমি বিশ্বাস করি, টিএফএ ভারতের জন্য ভালো, কিন্তু আমি ভারতের ক্ষুদ্র কৃষকদের নিয়ে বেশি উদ্বিগ্ন।’
ডব্লিউটিও ওই চুক্তিটির প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের দরিদ্রতম মানুষের প্রতিই আমার সরকারের প্রথম দায়িত্ব। আমরা চুক্তিটির বিরোধিতা করি না। আমরা বিশ্বাস করি, সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাসকারী মানুষের চাহিদার কথা শুধু ভারত নয়, সব জায়গায়ই সামনে তুলে ধরা উচিত।’
মোদি ও কেরির মধ্যে নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি দক্ষিণ এশিয়াকে একটি অঙ্গীভূত অর্থনৈতিক অঞ্চলে যুক্ত করতে চান।