দলগুলোর একলা চলো সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক এক দিন আগে বলা যায়, মহারাষ্ট্রে দুই শিবিরের এত বছরের জোট অটুট থাকলে সেটাই হবে বিরাট অঘটন। শিবসেনার সঙ্গে মিটমাটের জন্য একেবারে শেষ মুহূর্তে মুম্বাই যাওয়ার কথা ছিল বিজেপির সভাপতি অমিত শাহর। কিন্তু শিবসেনার জেদ বহাল থাকায় শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন। রাজ্যের নেতারা গত বুধবার রাত থেকে নিজেদের মতো করে জট খোলার চেষ্টা করেছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তা সফল হয়নি।
একই রকম অবস্থা কংগ্রেস-এনসিপি শিবিরেও। এনসিপির ‘অনায্য’ দাবিতে ‘বিরক্ত’ কংগ্রেস বুধবার রাতে একতরফাভাবে
১১৮টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করায় এই শিবিরেও জোটবন্ধনের অনিশ্চয়তা তীব্রতর হয়েছে। আজ শুক্রবারই মিটমাটের শেষ সুযোগ।
বিজেপি-শিবসেনা জোট-জট কেটেও না কাটার মূলে রয়েছে ছোট চার দলের আসনসংখ্যা ও তার ভাগাভাগি। বিজেপি ১৩০ ও শিবসেনা ১৫১ আসনে রাজি হওয়ার পরের প্রশ্ন ছিল ‘মহাজোটের’ বাকি চার ছোট দলকে কী করে সাতটি আসন ভাগ করে দেওয়া যায়। চার দল ১৮টি আসনের দাবিদার ছিল। কিন্তু বিজেপি ও শিবসেনা তাদের ভাগ থেকে বাড়তি আসন দিতে নারাজ। বিজেপি শেষ পর্যন্ত আরও পাঁচটি আসন বাড়তি চায় শরিকদের জন্য। শিবসেনা বলে, তাহলে বিজেপিই তাদের ভাগ থেকে দিক। এ অবস্থায় চার ছোট দল ভোটে একলা চলোর হাঁক দেয়। পরিস্থিতি এখন যা, তাতে কোনো রকম মিটমাট হলে সেটাই হবে বড় অঘটন। মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি বলেন, ‘আমরা সময়ের সঙ্গে লড়াই করছি। দেখা যাক কী হয়।’
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট আগামী ১৫ অক্টোবর। ২৭ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মানে হাতে সময় আর মাত্র এক দিন।
কংগ্রেস ও এনসিপির টানাপোড়েনও অব্যাহত। এনসিপি ১৪৪ আসন চায়; সঙ্গে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব। কংগ্রেস এই প্রস্তাব অনায্য মনে করে। এনসিপি নেতা শারদ পাওয়ার আবার তলে তলে বিজেপির সঙ্গে কথা চালাচ্ছেন বলে খবর। সেটা অবশ্য ভোট-পরবর্তী আঁতাতের দিকে নজর রেখে। জরিপ অনুযায়ী, জোট হলে বিজেপি-শিবসেনাকে ঠোকানো অসম্ভব।