দলীয় রাজনীতিতে সরকারি তহবিল ব্যয়ে নিষেধাজ্ঞা
রাজনৈতিক দল ও প্রতীকের প্রচারণায় সরকারি তহবিল, জায়গা এবং যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। উত্তর প্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) শাসনামলে দলীয় প্রতীক হাতির মূর্তি স্থাপন নিয়ে দায়ের করা মামলার মধ্যে গত শুক্রবার এ নির্দেশনা জারি করা হলো।
বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী ক্ষমতায় থাকাকালে সরকারি তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ খরচ করে রাজ্যে নিজের এবং নিজ দলের প্রতীক হাতির মূর্তি স্থাপন করেছিলেন। এদিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন এআইএডিএমকে দল সরকারি মিনিবাসগুলোয় দলীয় প্রতীক সেঁটে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবারের ওই নির্দেশনায় নির্বাচন কমিশন বলে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এ ধরনের ঘটনা ঘটালে তাদের প্রতীক নিষিদ্ধ করা হবে।
মায়াবতীর দলের প্রতীক বাতিলের দাবি তুলে করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে দিল্লি হাইকোর্ট এ ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশনা জারি করতে বলেন।