দলীয় সদস্যদের বিরক্ত মোদির হুঁশিয়ারি
অচল সংসদে গুরুত্বপূর্ণ বিল পাস না হওয়ায় দলীয় সাংসদদের একহাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে তিনি সবাইকে সাবধান করে দিয়ে বলেন, কেউ কেউ এমন মন্তব্য করছেন, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
দলীয় সাংসদদের উদ্দেশে মোদি আরও বলেন, একটা লক্ষণরেখা টানা আছে। কেউ যেন তা না পেরোন।
সংসদ চলার সময় প্রতি মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী ক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভের কারণও আছে। দিনের পর দিন বিরোধীরা রাজ্যসভা অচল করে রেখেছে। বিমাবিল, কয়লাখনিবিষয়ক বিল, অভিন্ন বিক্রয় কর বিলসহ গুরুত্বপূর্ণ বিল পাস করানো যাচ্ছে না। বিজেপি সদস্যদের কিছু মন্তব্য বিরোধীদের জোটবদ্ধ করে দিয়েছে। ধর্মান্তরকে কেন্দ্র করে বিরোধীরা সংসদে তাঁর উপস্থিতিতে বিতর্কের দাবি তুলেছে। প্রধানমন্ত্রী আবার ২০ তারিখের আগে সংসদে সময় দিতে পারবেন না। ফলে গুরুত্বপূর্ণ বিল পাস করানোয় চরম সংশয় দেখা দিয়েছে। এসব কারণেই ক্ষোভে ফেটে পড়েন মোদি। বলেন, ‘এত সমর্থন নিয়ে উন্নয়নের কাজ করতে চাইছি, অথচ আপনাদের কারও কারও মন্তব্য সব ভেস্তে দিচ্ছে।’
বিরোধীদের সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রী অরুণ জেটলি বিমা ও অভিন্ন বিক্রয় কর বিল পেশ ও পাস করানো নিশ্চিন্ত করেছিলেন। কিন্তু ধর্মান্তরকে কেন্দ্র করে বিতর্কের দাবি এবং গান্ধী-ঘাতক নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ আখ্যা দিয়ে উত্তর প্রদেশের বিজেপিমন্ত্রী সাক্ষী মহারাজের বিবৃতি বিরোধীদের ক্ষিপ্ত করে তোলে। মাত্র দিন কয়েক আগেই মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও বিতর্কিত মন্তব্য করেছিলেন। সারদা মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসকেও খড়্গহস্ত করে তুলেছে। সব মিলিয়ে বিরোধীদের সম্মিলিত বিক্ষোভে বিজেপি দিশেহারা।
মোদি বিশেষ করে চাইছেন, এই অধিবেশনে অন্তত বিমা ও অভিন্ন বিক্রয় কর বিল দুটি পাস করাতে, যাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগে সংস্কারের একটা বার্তা দেওয়া যায়।