দলের মধ্যে বিরোধিতায় পড়েন মনমোহন: মেয়ে দামান সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং (বাঁয়ে) ও দামান সিং
মনমোহন সিং (বাঁয়ে) ও দামান সিং

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সাবেক সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং সংস্কার-প্রশ্নে দলের মধ্যে বিরোধিতা মোকাবিলা করেছেন। 
দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মেয়ে দামান সিং টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ দাবি করেছেন। 
দামানের লেখা স্ট্রিকলি পারসোনাল, মনমোহন অ্যান্ড গুরশারান শীর্ষক বইটির প্রকাশনা সামনে রেখে এ সাক্ষাত্কারটি নেওয়া হয়। আজ মঙ্গলবার সাক্ষাত্কারটি প্রকাশিত হয়েছে। প্রকাশিতব্য বইটিতে বাবার সমর্থনে নানা বক্তব্য তুলে ধরেছেন দামান।
সাবেক প্রধানমন্ত্রীর সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বড়ুয়া ও কংগ্রেসের সাবেক নেতা নটবর সিংয়ের লেখা দুটি বিতর্কিত বইয়ে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব প্রশ্নের মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে বাবার জীবনের নানা দিক উঠে এসেছে মেয়ের জবানিতে। 
দামানের ভাষ্য, তাঁর বাবা মনমোহন রাজনীতিতে বেমানান ছিলেন না। কিন্তু চাতুর্যপূর্ণ রাজনীতি তাঁর কাছে সহজভাবে আসেনি। তিনি নীতিহীন নন। কিন্তু তিনি টিকে গেছেন। সব ধরনের বিপত্তি, বিপর্যয়ের বিরুদ্ধে তিনি টিকে গেছেন। তিনি বিমুখ রাজনীতিবিদ নন। তিনি চ্যালেঞ্জ উপভোগ করেন। তিনি ঝুঁকি নিয়েছেন এবং নিরাপদে থাকেননি।

সাক্ষাত্কারে দামান দাবি করেন, সংস্কার-প্রশ্নে কংগ্রেসের ভেতরেই ব্যাপক বিরোধিতার মুখোমুখি হন মনমোহন। তাঁকে মানুষের কাছে ক্রমাগত কাজের ব্যাখ্যা দিতে হয়েছে। পুরো প্রক্রিয়াটি ছিল খুব কঠিন।
দামান জানান, ২০০৯ সালে কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে তাঁর বাবা বিশ্বাস করতেন না।
এক প্রশ্নের জবাবে দামান বলেন, ‘আমার বাবা প্রায়ই বলতেন, রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতির জন্ম দেয়, নির্বাচনে অর্থ দরকার হয়।’
ইতিহাস কীভাবে মনমোহন সিংকে মূল্যায়ন করবে—এমন প্রশ্নে দামান বলেন, ‘আমি আমার বাবাকে ঘটনার শিকার হিসেবে দেখি না। তিনি বিবেকবান বলিষ্ঠ মানুষ। তিনি অত্যন্ত দক্ষ। ১০ বছরের প্রধানমন্ত্রিত্ব তাঁর ৪০ বছরের কর্মজীবনের একটি অংশ মাত্র। তাঁর অবদান হয়তো এখন স্বীকৃতি পাবে না, কিন্তু কর্মই তাঁর সম্পদ এবং তা মূল্যবান।’