দাঁতের ব্যথা থেকে শরীর অচল হতে পারে: মোদি

সীমান্তে বেইজিংয়ের আপসহীন মনোভাব দ্বিপক্ষীয় চুক্তিতে প্রভাব ফেলতে পারে বলে চীনকে সাফ জানিয়ে দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার সে দেশে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন, ছোট ছোট ঘটনা বড় সম্পর্কে প্রভাব ফেলতে পারে। যদি দাঁতের ব্যথা দূর করা না হয়, তাহলে পুরো শরীর অচল হয়ে যেতে পারে।
লাদাখের উত্তর-পূর্বাঞ্চলীয় চুমার এলাকায় চীনা সেনাদের (পিপলস লিবারেশন আর্মি, পিএলএ) অনুপ্রবেশ বন্ধ না হওয়ায় মোদি এই মন্তব্য করেন। ভারতীয় কর্মকর্তারা বলেন, মোদি-জিনপিং এর ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই চীনা সেনারা চলে যাওয়া শুরু করে। তখন ভারতের সেনারাও ওই এলাকা থেকে তাদের উপস্থিতি কমাতে শুরু করে। এলাকাটিতে আগে থেকেই ভারতীয় সেনাদের বড় উপস্থিতি রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শি জিনপিং গত বুধবার আহমেদাবাদে মোদিকে জানান চুমার সীমান্তে অনুপ্রবেশকারী সেনাদের নিজের অবস্থানে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু গতকালও সেনাবাহিনীর অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়নি। তবে বৈঠকে মোদির কড়া মন্তব্যের পরে সেনারা সরে যেতে শুরু করেন।
গতকাল নয়াদিল্লি ছেড়েছেন শি জিনপিং। বিদায়ের আগে জিনপিং মোদিকে তাঁর নিজ শহর জিয়ান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।