দাঁড়াতে না পারার কষ্ট
লেখক সলিল চতুর্বেদী। মেরুদণ্ডের সমস্যা নিয়ে প্রায় ৩৩ বছর ধরে হুইলচেয়ারে। তবে লেখালেখির পাশাপাশি তিনি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করেন। থাকেন ভারতের গোয়ার চোরাও দ্বীপে। বাইরে বেরোনো তাঁর হয়ে ওঠে না। বিশেষ করে শহরে আসা। কেননা, আসতে হলে ফেরি পেরোতে হবে। হুইলচেয়ারে করে চলা একটা মানুষের জন্য বাইরে ঘুরতে যাওয়া অনেকটাই বিড়ম্বনার। তাই যখনই বাইরে যান, সুযোগ পেলে স্ত্রীর সঙ্গে বড় পর্দায় সিনেমা দেখার পরিকল্পনা থাকে তাঁদের। তিন মাসে হয়তো একবার বাইরে যাওয়া হয়।
এমনই একটি দিন ছিল সাম্প্রতিক এক রোববারে। বৃষ্টি শেষে চারপাশে সবুজের শীতল-স্নিগ্ধ ছোঁয়া। ১২ কিলোমিটার পথ পেরিয়ে গোয়ার প্রধান শহর পানজিমে আসেন তাঁরা। এসেই এক বন্ধুর সঙ্গে দেখা। তিনজনে মিলে বিকেলে সুপারস্টার রজনীকান্তের অভিনীত ‘কাবালি’ সিনেমা দেখার পরিকল্পনা আঁটেন। তাঁরা সিনেমাটি দেখতে উদ্গ্রীব ছিলেন। কারণ, বড় পর্দায় কখনো রজনীকান্তের অভিনয় দেখা হয়নি।
সিনেমা হলে চাইলেই সলিল তো আর ধুপধাপ করে সিঁড়ি ভেঙে যেতে পারেন না। এ জন্য দরকার হয় সহায়তার। হলের সামনে তাঁকে রেখে স্ত্রী মণিকা হলের কর্মীদের খোঁজ করতে যান। এ সময় আশপাশের লোকজনের উৎসুক চোখ এড়াতে সলিল ভবিষ্যতে কী সিনেমা আসছে, সেসব পোস্টার দেখায় মনোযোগ দেন।
কিছুক্ষণ পর মণিকা সলিলকে তুলে নিয়ে সিটে বসানোর জন্য দুজন কর্মীকে ডেকে আনেন। কর্মীদের বলেন, সর্বসাধারণের জন্য হল খোলার আগেই যেন তাঁদের ঢুকতে দেওয়া হয়। কারণ, না হলে তাঁদের আসন পর্যন্ত পৌঁছাতে কষ্ট হবে। প্রতিবারই মণিকাকে এসব করতে বেশ হ্যাপা পোহাতে হয়। সলিল মনে মনে বলেন, ইশ্! যদি সব স্বাভাবিক হতো। অবশেষে হলে পৌঁছানোর পর মণিকা হুইলচেয়ার থেকে বালিশটি (বাতাসের সাহায্যে ফুলানো) সলিলের আসনে দিয়ে তারপর তাঁকে বসান।
পপকর্নের ঘ্রাণে হল তখন ম-ম। সিনেমা শুরু হওয়ার আগে বেজে উঠল জাতীয় সংগীত। সবাই উঠে দাঁড়াল। এ সময় খুব অস্বস্তি লাগছিল সলিলের। কারণ, সবাই দাঁড়িয়ে, তিনিই শুধু বসে। তখন কেমন যেন নিজেকে খুব একা লাগছিল। পেছন থেকে ভেসে আসা জাতীয় সংগীতের সঙ্গে তাঁরা যে খুব গর্বের সঙ্গে সুর মেলাচ্ছিলেন, তা তিনি অনুভব করছিলেন। হঠাৎ পেছন থেকে মাথায় সজোরে চাঁটি পড়ল। ভড়কে গেলেন তিনি। ঘাড় ফিরিয়ে দেখেন, এক লোক তাঁকে উঠে দাঁড়ানোর ইঙ্গিত করছেন!
সলিল বলেন, ‘আমি সামনে পর্দার দিকে মুখ ঘোরালাম, জাতীয় সংগীত শেষ হওয়ার অপেক্ষা করলাম। আমরা রাগ করা উচিত, কিন্তু স্নায়বিক দুর্বলতায় আমার হাত কাঁপতে লাগল। জাতীয় সংগীত শেষ হওয়ার পর লোকটিকে বললাম, কেন আপনি নিজের বিষয় নিয়ে থাকেন না? তখন তাঁর স্ত্রী আমাকে বললেন, জাতীয় সংগীতের সময় আপনি উঠে দাঁড়াতে পারেন না? এ সময় আমি বললাম, আপনি এর কারণ জানেন না। জীবনে স্বস্তি পাওয়ার বিষয়টি আপনাকে জানতে হবে। এটাকে আপনি শারীরিকভাবে নিচ্ছেন কেন? আমাকে আঘাত করলেন কেন?’
এ কথা শুনে মণিকা ও সঙ্গে থাকা বন্ধুটি হতভম্ব। স্বামীকে আঘাতের কথা শুনে মণিকা খেপে চিৎকার শুরু করেন। ওই নারীও চিৎকার করে বলতে থাকেন, কেন তোমার স্বামী দাঁড়ালেন না? পরে সলিলের এই প্রতিবন্ধকতার কথা জানানোর পর ওই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। তবে তখনো এ কথা কানে যায়নি তাঁর স্ত্রীর। এক ফাঁকে সুযোগ বুঝে তাঁরা (আঘাত করা ব্যক্তি ও তাঁর স্ত্রী) হল থেকে বের হয়ে যান।
ছবি শেষ হয়ে গেলেও রজনীকান্ত সলিলের মনে আলোড়ন তুলতে পারেননি। বারবার খালি চেয়ারগুলোতে চোখ যাচ্ছিল তাঁর। মনে প্রশ্ন জাগছিল, এখন থেকে তিনি কি তাঁর পেছনে লিখে রাখবেন ‘আমি অচল। জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়াতে পারব না’। নাকি ‘বিকলাঙ্গ’—এমন ব্যাজ পরব? আরেকটি কথা হলো, সিনেমা হলে কি জাতীয় সংগীত বাজানো উচিত?
মেরুদণ্ডের সমস্যাগ্রস্ত সলিল বলছেন, আর হয়তো কখনো যাবেন না ছবিঘরে, পাছে আবার কারও আঘাতে পুরোপুরি বিকলাঙ্গ না হয়ে যান। দেশের প্রতি ভালোবাসা কি কিছু না ভেবেই কাউকে আঘাত করার শিক্ষা দেয়? বিবিসি অবলম্বনে