দাঙ্গা লাগানোর চেষ্টায় আরএসএস-বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো ফাইল ছবি।
মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো ফাইল ছবি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, আরএসএস ও বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এ রকম দাঙ্গাবাজদের ধরে দিতে পারলেই চাকরি ও টাকা দিয়ে পুরস্কৃত করবেন তিনি।

আজ সোমবার বর্ধমানের দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা উঠে আসে। এ সময় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। আরএসএস (রাষ্ট্রীয় সেবক সংঘ), বিজেপি চক্রান্ত করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে। ভাড়া করে লোক আনা হচ্ছে। যারা ধরা পড়ছে, সবাই আরএসএসের লোক।

প্রশাসনিক বৈঠকে এসব প্রসঙ্গ ওঠার পরই সতর্ক হয়ে আমলাদের উদ্দেশে মমতা বলেন, ‘জানি, এটা প্রশাসনিক সভা। তা–ও বলছি, এদের ওপর নজর রাখবেন। ধরে দিতে পারলেই চাকরি দেবেন, টাকা দেবেন। প্রত্যেককে পুরস্কৃত করবেন।’

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘মানুষকে মানুষ তৈরি করতে হয়। মানুষ গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা করা আমাদের কাজ নয়। বাংলায় রক্তের হোলি খেলতে দিই না। বাংলায় দাঙ্গা করতে দেব না। হামলা করলে সামলে নেব।’

ত্রিপুরা জয়ের পর বাংলা দখলের কথা বলায় বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, ওদের টার্গেট বাংলা হলে তৃণমূলের টার্গেট লাল কেল্লা। এদিন ‘দিল্লি চলোর’ ডাকও দেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

এর আগে গতকাল রোববার তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে ফোন করে বিজেপিকে ঠেকাতে সব দলের জোট গঠনের পক্ষে নিজের সমর্থন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।