দাঙ্গার শিকার মুজাফফরনগর জিতল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে বিধানসভার উপনির্বাচনে দাঙ্গাকবলিত মুজাফফরনগর আসনটি দখল করেছে বিজেপি। এ আসনটি রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির (এসপি) ছিল। গতকাল ফল ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনে দুটিই হারায় এসপি। খবর হিন্দুস্তান টাইমস-এর।
মুজাফফরনগর ছাড়াও গতকাল দেওবন্দ ও বিকাপুর আসনের ফল ঘোষণা করা হয়। তিনটি আসনই ছিল এসপির। বিধায়কদের মৃত্যুর পর আসন তিনটি খালি হয়। আগামী বছর রাজ্যে বিধানসভার নির্বাচন। এর আগে এই ফলাফলকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেওবন্দ আসনটিতে কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়। কেবল বিকাপুর আসন এ যাত্রায় রক্ষা করতে পেরেছে এসপি।
মুজাফফর নগরে প্রয়াত এসপি-দলীয় বিধায়ক চিত্রাঞ্জন স্বরূপের ছেলে গৌরব স্বরূপ বিজেপির প্রার্থী কপিল দেওয়ের কাছে সাত হাজার ভোটের ব্যবধানে হারেন। দেওবন্দে কংগ্রেসের মাবিয়া আলী হারান এসপির মিনা রানাকে। এখানে বিজেপি তৃতীয় হয়।
এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, তিন বছর আগে মুজাফফরনগরে সাম্প্রদায়িক দাঙ্গায় ৬০ জনের মৃত্যু হয়। আশ্রয়হীন হয় কয়েক হাজার মানুষ। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে মুজাফফরনগরের আসনটি পেয়েছিল বিজেপি।