দাঙ্গার সময় মুসলিম যুবকের সম্প্রীতির কবিতা

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক গোলযোগ হয়েছে। রাজ্যজুড়ে অশান্তির এই বাতাবরণে সম্প্রীতির মেলবন্ধনে উদ্যোগী হয়েছেন রাজনৈতিক নেতারা। তবে, এক কবির ব্যতিক্রমী উদ্যোগ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর নাম ফারুক আহমেদ সর্দার।
এ নিয়ে কলকাতার দৈনিক এবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ দু-এক আগে বছর সতেরোর এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে অশান্তি ছড়ায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়াতে। ঘটনাটি এতটাই স্পর্শকাতর ছিল যে তার জেরে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশে ব্যাপক রদবদল করতে হয় রাজ্য প্রশাসনকে। এলাকায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে একদিকে যেমন প্রশাসন উদ্যোগী হয়েছিল, ঠিক তেমনি অন্যদিকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গরানবোসের বাসিন্দা ফারুক আহমেদ সর্দারও এই সম্প্রীতি রক্ষায় অন্যতম ভূমিকা পালন করেছেন।
সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ থেকে শুরু করে নিজের লেখা ‘মোদের দেশে যদি মোরা রাখি সম্প্রীতি/ সুখে শান্তিতে থাকব আমরা সকল জাতি’ কবিতাসহ বিভিন্ন সম্প্রীতির উদাহরণ গ্রামের মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছেন এই যুবক। প্রতিদিন সকালে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই সম্প্রীতির কবিতা শোনান ফারুক। ফারুকের বিভিন্ন সমাজসেবামূলক কাজে মুগ্ধ হয়ে অতীতে থানার ওসি, মন্ত্রীসহ অনেকেই প্রশংসাপত্র দিয়েছিলেন। এবারও অশান্ত পরিস্থিতিতে ফারুকের এ উদ্যোগ সমাজের সব স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। যদিও এ বিষয়ে জানতে চাইলে ফারুক বলেন, ‘শরিয়তের বিধানে আছে, সম্প্রীতি ও দেশপ্রেম ইমানের অঙ্গ, এ দেশে জন্মে আমার জীবন ধন্য।’