দাদরির ঘটনায় সরকারের দায় নেই: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের দাদরিতে গরু জবাইয়ের গুজবে একজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বলেছেন, এতে কেন্দ্রীয় সরকারের দায় নেই। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে গতকাল বুধবার এ কথা বলেন মোদি। খবর পিটিআইয়ের।
মোদি বলেন, ‘দাদরির ঘটনা বা পাকিস্তানি সংগীতশিল্পীর বিরুদ্ধাচরণের ঘটনা দুঃখজনক। কিন্তু এ ঘটনাগুলোতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কী?’
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের অভিযোগ, যে মোদী ছোট-বড় সব ঘটনা নিয়েই টুইটারে মন্তব্যের বন্যা বইয়ে দেন, তাঁর নীরব থাকাটা আসলে কৌশলের অঙ্গ।
অভিযোগ অস্বীকার করে মোদি বলেন, ‘বিজেপি কখনোই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। এগুলোকে সামনে এনে প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে বটে, কিন্তু এর মাধ্যমে তারাই কি আসলে মেরুকরণের রাজনীতি করছে না?’ মোদি বলেন, ‘অতীতেও এই বিতর্ক হয়েছে। বিজেপি চিরকাল মেকি ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছে।’