দাবদাহে ধুঁকছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যের তীব্র আঁচ থেকে বাঁচতে সর্বাত্মক চেষ্টা। হায়দরাবাদের এই মোটরসাইকেলচালক গতকাল এভাবেই নিশ্ছিদ্রভাবে চোখ-মুখ ঢেকে পথে নামেন l ছবি: এএফপি
সূর্যের তীব্র আঁচ থেকে বাঁচতে সর্বাত্মক চেষ্টা। হায়দরাবাদের এই মোটরসাইকেলচালক গতকাল এভাবেই নিশ্ছিদ্রভাবে চোখ-মুখ ঢেকে পথে নামেন l ছবি: এএফপি

প্রবল দাবদাহে অর্ধেক ভারত জ্বলছে। রাজধানীর তাপমাত্রা উঠেছে ৪৫ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার কোনো কোনো জেলায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি পেরিয়ে গেছে। উত্তর ভারতে ইতিমধ্যে এই দাবদাহের বলি পাঁচ শতাধিক মানুষ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় মারা গেছে সাড়ে সাত শর বেশি মানুষ।
প্রতিবছর মে মাসে উত্তর ভারতে প্রবল গরম পড়ে। কিন্তু এবারের মতো নয়। বিশেষজ্ঞের কথায়, এবারের এই অস্বাভাবিক গরমের কারণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের ওপর গড়ে ওঠা এক হল্কার ঝঞ্ঝা। দক্ষিণ পাকিস্তানের এই হল্কার কারণেই সিন্ধু প্রদেশের তাপমাত্রা ৪৯ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। সেই তাপপ্রবাহ রাজস্থানের মরুভূমির ওপর দিয়ে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের অনুমান, আরও দু-তিন দিন এই আগুনে হল্কা চলবে।
সাধারণত মে মাসে উত্তর ভারতের একাধিক এলাকায় তিন-চারবার আঁধি (কালবৈশাখী) হয়, যে ঝড়বৃষ্টি সাময়িকভাবে তাপমাত্রা অনেকটাই কমিয়ে রাখে। এবার দিল্লি ও তার আশপাশে শেষ আঁধি হয়েছে ১৪ মে। আঁধির ফলে মে মাসে দিল্লিতে সাধারণত গড়ে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এবার বৃষ্টির পরিমাণ মাত্র ৩ মিলিমিটার। গরমের সঙ্গে সঙ্গে বেড়ে গেছে লোডশেডিংয়ের বহর। বৃষ্টি না হলে বিদ্যুৎ-ঘাটতির সমস্যা তীব্রতর হবে বলে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলো জানিয়েছে।
এ বছর ভারতে বৃষ্টিপাতে ঘাটতি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া অফিস থেকে আগেই অনুমান করা হয়েছিল। মার্কিন আবহাওয়া দপ্তরের আগাম আভাসও তাই। পশ্চিমে যাকে ‘এল নিনো’ বলা হয়, তার প্রভাব এবার ভারতে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তবে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম জানিয়েছেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। খরা হলেও মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। দেশের জলাধারগুলোর হাল এখন পর্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠেনি। তবে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বৃষ্টি না হলে জলাধারগুলোর স্তর নামতে শুরু করবে।
অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে জনজীবনেও এসেছে বিপুল পরিবর্তন। দুপুরে রাস্তায় যান চলাচল কমে গেছে। হল্কা হাওয়া, যাকে উত্তর ভারতে ‘লু’ বলা হয়, তার হাত থেকে বাঁচতে নারী-পুরুষ কেউই পারতপক্ষে শরীর অনাবৃত রাখছেন না। ডাবের দাম বেড়ে গেছে। ব্যাপক বিক্রি হচ্ছে তরমুজ, খরবুজা, শসা ও নানা ধরনের শরবত। দুপুরে রাজধানীর বহু রাস্তার পিচ গলে যাচ্ছে বলে দিল্লি পুলিশ মহিলাদের সাবধান করে দিচ্ছে, যাতে গলা পিচে চটি না আটকায়। গণমাধ্যমও ‘কী করবেন, কী করবেন না’ তার প্রচার চালাচ্ছে। উত্তর ভারতে এই সময়কার গরম শুকনো বলে প্রচুর জল পান করার নির্দেশ দেওয়া হচ্ছে। ‘হিট ওয়েভে’ আক্রান্ত না হওয়ার দাওয়াই হিসেবে কাঁচা পেঁয়াজ, আমের শরবত, ঘরে পাতা দই, ধনেপাতা, তেঁতুল ও পুদিনা গোলার মতো পানীয় খাওয়ার কথা বলা হচ্ছে।