দাবি না মানলে রেললাইন অবরোধের হুমকি ভারতের কৃষকদের
ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভের ১৬তম দিন চলছে। কৃষকেরা দিল্লির সীমান্তের কাছে অবস্থান করছেন। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার ইউনিয়ন নেতাদের সরকারি প্রস্তাব মেনে নিতে আহ্বান জানিয়েছেন এবং তাঁদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। তবে তা মানতে নারাজ কৃষকেরা। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টোমার বলেছেন, ‘নতুন আইনের কোনো বিধানে কৃষকদের কোনো সমস্যা থাকলে সরকার তা খোলা মনে বিবেচনা করতে প্রস্তুত। আর আমরা তাদের সমস্ত আশঙ্কা দূর করতে চাই।’
সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশনে প্রায় বিনা আলোচনায় পাস করা হয় কৃষিসংক্রান্ত তিনটি বিতর্কিত বিল। সেই থেকে রাজ্যে রাজ্যে কৃষক অসন্তোষের জন্ম। সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষক সংগঠনগুলো। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে গত মঙ্গলবার দেশজুড়ে ভারত বন্ধের ডাক দেয় কৃষক সংগঠনগুলো। এই আন্দোলনকে সমর্থন দেয় ১৬টি বিরোধী দল।
নতুন আইনের কোনো বিধানে কৃষকদের কোনো সমস্যা থাকলে সরকার তা খোলা মনে বিবেচনা করতে প্রস্তুত। আর আমরা তাদের সমস্ত আশঙ্কা দূর করতে চাই।
বুধবার এই আইন সংশোধনে কেন্দ্রীয় সরকারের লিখিত প্রস্তাব সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করে কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চা। তাদের প্রতিবাদ বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা ঘোষণা করেছে।
সরকার তাদের দাবি পূরণ না করলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে। অবরোধস্থল থেকে কৃষকনেতারা জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকে ধাপে ধাপে তাঁরা আন্দোলন আরও জোরদার করবেন। ছড়িয়ে দেবেন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় ও ব্লক পর্যায়ে।
কৃষকনেতারা জানান, আগামী শনিবার তাঁরা দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক বন্ধ করে দেবেন। একে একে অবরোধ করবেন দিল্লিগামী অন্যান্য জাতীয় সড়কও। দখল নেবেন সব জাতীয় সড়কের টোল প্লাজাগুলো। আন্দোলনের পরবর্তী পর্যায়ে সর্বত্র শাসক দল বিজেপির কার্যালয় ঘেরাও করা হবে।
গতকাল বৃহস্পতিবার কৃষক ইউনিয়নগুলো একটি বৈঠক করে দ্রুত সারা দেশের রেললাইন অবরোধ করার ঘোষণার কথা বলেছে।
কৃষক নেতা বুটা সিং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে আমরা রেললাইন বন্ধ করে দেব। আমরা তারিখ ঠিক করে তা দ্রুত জানাব। তবে রেললাইন বন্ধের ঘটনাটি শুধু হরিয়ানা বা পাঞ্জাবে সীমিত থাকবে না, তা দেশজুড়ে ঘটবে।’