দাবি মানলেই জিএসটি পাস: রাহুল

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার যেদিন তাদের শর্ত মানবে, সেদিনই রাজ্যসভায় অভিন্ন পণ্য ও পরিষেবা (জিএসটি) বিলে তাঁর দল সম্মতি দেবে। মুম্বাইয়ে গতকাল শনিবার এনএমআইএমএসের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন রাহুল। খবর এনডিটিভির।
সারা দেশে অভিন্ন পণ্য কর আরোপ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি রাজ্যসভায় পাসের জন্য পড়ে আছে। ক্ষমতাসীন বিজেপির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই।
এনএমআইএমএসের শিক্ষার্থীদের উদ্দেশে রাহুল আলোচিত বিলটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের দাবি মেনে নিলে বিলটি পাস হতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে।’ বিজেপি সরকার বলছে, তারা বিলটি পাসের জন্য একটি ঐকমত্য তৈরির চেষ্টা করছে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়া বাজেট অধিবেশনেই বিলটি পাস করতে চায় তারা।
জিএসটি বিলটি সাবেক কংগ্রেস সরকারের সময়েই তোলা হয়েছিল। তবে বর্তমান সরকার নতুন করে এটি উত্থাপন করার পর কংগ্রেস করের ওপর নিয়ন্ত্রণ দাবি করে এবং বর্ধিত ১ শতাংশ কর আরোপের বিরোধিতা করে। রাহুল গতকাল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এমন জিএসটি চাই না, যেখানে করের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।’