দারিদ্র্য দূরীকরণে কংগ্রেস প্রায় কিছুই করেনি: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে বললেন, চল্লিশ-পঞ্চাশ বছর ধরে ‘গরিবি হটাও’ মালা জপ করা শুনে আসছি, অথচ গরিব যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। দারিদ্র্য দূরীকরণে প্রায় কিছুই করা হয়নি।
প্রধানমন্ত্রী আরও বলেন, গরিবদের কল্যাণে নতুনভাবে এগোতে হবে। এক দিনের জন্য নিজের নির্বাচনী কেন্দ্র বারানসী গিয়ে মোদি গতকাল শুক্রবার এই কথা বলেন।  
উত্তর প্রদেশের পূর্ব প্রান্তের এই শহর থেকে বিহারের দূরত্ব সামান্যই। বিহারের নির্বাচনের আগে কংগ্রেসকে এইভাবে আক্রমণ তাই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বিজেপির মোকাবিলায় বিহারে কংগ্রেস-আরজেডি-জেডি(ইউ) জোট বেঁধেছে।
বারানসীতে এক অনুষ্ঠানে সরকারের জন-ধন প্রকল্পের অধীনে দরিদ্রদের ই-রিকশা, রিকশা আর সৌর লণ্ঠন বিতরণ করেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে তিনি কংগ্রেসের ‘গরিবি হটাও’ স্লোগানের সমালোচনা করেন। ইন্দিরা গান্ধী এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। মোদি বলেন, গরিবদের মালা জপ করা একটা পরম্পরা হয়ে গেছে। অথচ কাজের কাজ কিছুই হয়নি। এই মনোভাব থেকে বেরোতে হবে।
এই প্রসঙ্গে মোদি জন-ধন প্রকল্পের উল্লেখ করে বলেন, গরিব মানুষের জন্য সরকার ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেছে। নিখরচায় খোলা এই হিসাবে সরকার প্রত্যেক গরিবকে পাঁচ হাজার রুপি দিচ্ছে। সেই অর্থ গরিব মানুষ তার মতো করে খরচ করবে। উদ্দেশ্য, গরিবদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, যাতে সামান্য ঋণের জন্য তাদের মহাজনের কাছে চড়া সুদে টাকা ধার নিতে না হয়।

এই বিষয়েও কংগ্রেসকে একহাত নেন মোদি। বলেন, ব্যাংক জাতীয়করণের চার দশক পরেও যারা গরিবদের ব্যাংক পরিষেবা থেকে দূরে রেখেছিল, তারাই এখন জন-ধন প্রকল্পের হিসাব চাইছে। মোদি বলেন, গত ৫০ বছরে এ দেশের শাসকেরা যা করতে পারেনি, তিনি তা ৫০ মাসে করে দেখাবেন।