দার্জিলিং এখনো অশান্ত, বসিরহাট শান্ত
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ কাল মঙ্গলবার ৩০ দিনে পা দেবে। গত ১২ জুন থেকে এই বন্ধ্ শুরু হয়। তবে এখনো দার্জিলিং অশান্ত। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে এখনো পাহাড়জুড়ে প্রতিবাদ মিছিল, সভা-সমাবেশ চলছে। প্রতিদিনই গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও আন্দোলন করছে।
আজ সোমবার দার্জিলিংয়ের ঋষি হাট এবং লোধামার বন দপ্তরের বিট অফিস ও স্টাফ কোয়ার্টারে আগুন ধরিয়ে দেয় গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় সমন্বয় কমিটির বৈঠক বসছে। এতে অনির্দিষ্টকালের বন্ধ্ প্রত্যাহার না হলেও ব্যাংকের লেনদেনের জন্য ছাড় দেওয়ার ঘোষণা দিতে পারে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বসিরহাটে শান্তি ফিরেছে। দোকানপাট খুলেছে। বসিরহাটের শান্তিপ্রিয় মানুষজন দুই দিন ধরে শান্তি মিছিল বের করছে। বসিরহাটের অস্থিরতা নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন উদ্বেগ প্রকাশ করেছেন।