দার্জিলিং জ্বলছে, মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিং জ্বলছে। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বন্‌ধে অচল হয়ে পড়েছে দার্জিলিং ও পুরো পাহাড়ি এলাকা। গত শনিবার রাতে দার্জিলিংয়ের বেশ কয়েকটি সরকারি দপ্তরে মোর্চার সমর্থকেরা আগুন দিয়েছে। লুট করেছে পুলিশের আগ্নেয়াস্ত্র। বন্‌ধ্ ইতিমধ্যে চার সপ্তাহে গড়িয়েছে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি আলোচনার প্রস্তাব গতকাল রোববার প্রত্যাখ্যান করে গোর্খা জনমুক্তি মোর্চা। শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী গত শনিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ আলোচনার প্রস্তাব দেন। মমতা বলেন, পাহাড়ের সব দল সংযত হয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে এবং তাঁর আবেদনে সাড়া দিলে ১০-১৫ দিনের মধ্যে আলোচনায় বসতে তাঁর আপত্তি নেই। অন্যদিকে মোর্চা বলছে, তাদের একমাত্র ইস্যু পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। আলোচনায় বসতে হলে তারা বসবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়।

মমতা অভিযোগ করে বলেন, দার্জিলিংয়ের ঘটনা পরিকল্পিত। এতে বিজেপি এবং বিদেশি শক্তির মদদ আছে। দার্জিলিংয়ের সাধারণ মানুষ খাবারের সংকটে পড়লেও মোর্চা নেতাদের খাবার আসছে নেপাল-সিকিম সীমান্ত পথে।

এদিকে গতকালও অশান্ত হয়ে ওঠে দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা গতকাল ভোরে দার্জিলিংয়ের বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমনকি তারা পুলিশের আগ্নেয়াস্ত্রও ছিনিয়ে নেয়। জনমুক্তি মোর্চা দাবি করেছে, শনিবার জনমুক্তি মোর্চার তিনজন এবং জিএনএলএফের একজনসহ মোট চারজন সমর্থক গুলিতে নিহত হয়েছে। মোর্চার দাবি, পুলিশের গুলিতে এরা নিহত হয়। তবে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব জনমুক্তি মোর্চার এই দাবিকে খারিজ করে দিয়ে বলেছেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।

গতকাল দার্জিলিংয়ের চকবাজারে মৃত সমীর সুব্বা এবং সুরজ সুনদাসের মরদেহ নিয়ে মিছিল করেছে মোর্চা। শনিবার রাতে কার্শিয়াংয়ের এসডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগানো হয় গৈরিগাঁও বন দপ্তরে। অগ্নিসংযোগ করা হয় পোখরিয়াবঙের পঞ্চায়েত অফিসে। ভাঙচুর করা হয় সুখিয়াপোখরির পুলিশ ফাঁড়িতে।