দার্জিলিং থেকে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী সরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি ফিরিয়ে আনতে ভারতের দার্জিলিং থেকে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকার বলছে, দার্জিলিংয়ে নিয়োজিত নিরাপত্তাবাহিনীর ১৫ কোম্পানির মধ্যে ১০টি প্রত্যাহার করা হচ্ছে।

এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাহাড়ে যখন শান্তিপ্রক্রিয়া শুরু হয়েছে তখনই বিজেপি সরকার কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এটা মেনে নেওয়া যায় না। তিনি এ কথাও বলেন, পাহাড়ে মাত্র ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও এর মধ্য থেকে ১০ কোম্পানি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনো ঝাড়খণ্ডে ১৫৪ কোম্পানি, ছত্তিশগড়ে ২৫২, ওডিশায় ৮৪ এবং বিহারে ৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পশ্চিমবঙ্গে নিরাপত্তাবাহিনী ৬০ কোম্পানি থেকে ১৫ কোম্পানিতে নামিয়ে আনার পর এখন ১০ কোম্পানি তুলে নেওয়ার কথা বলেছে।

এরপরই কেন্দ্রীয় সরকারের বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয় পশ্চিমবঙ্গ সরকার। মামলা দায়ের করা হয়, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে শীর্ষ আদালত এই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে ২৭ অক্টোবরের মধ্যে বাহিনী প্রত্যাহার করা যাবে না বলে নির্দেশ দেয়।

বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন করেন, এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যথেষ্ট কারণ থাকলেও কেন উপযুক্ত কারণ না দেখিয়ে দার্জিলিং থেকে কেন্দ্রীয় বাহিনী সরাবেন?

গত জুন মাসে অনির্দিষ্টকাল বনধ নিয়ে দার্জিলিংয়ে অশান্তি ছড়ায়। এ সময় কেন্দ্রীয় সরকার দার্জিলিংয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ দেয়।

গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। পুনর্বিবেচনার আবেদন করে সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলেমেশ্বর ও বিচারপতি আব্দুল নজিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির জন্য কাল শুক্রবার দিন ধার্য করেন।

গত ১২ জুন থেকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরংয়ের ডাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে একটানা অনির্দিষ্টকাল বনধ শুরু হয়। পরে ২৭ সেপ্টেম্বর ১০৭ দিন বনধ শেষে আনুষ্ঠানিকভাবে সেটি প্রত্যাহার করে নেয় গোর্খা জনমুক্তি মোর্চা।

এরপর দার্জিলিংয়ে যখন শান্তি ফিরতে শুরু করে, তখনই বিমল গুরং বাহিনীর হামলায় উপপরিদর্শক অমিতাভ মালিক নিহত হন। সেই মামলায় দার্জিলিং পুলিশ বিমল গুরংসহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর করে। এর আগেও বনধ চলাকালে খুন, হামলা, যানবাহন, অফিস-আদালত, পঞ্চায়েত দপ্তরে জ্বালাও পোড়াওসহ বিভিন্ন সহিংস ঘটনায় রাজ্য সরকার একাধিক মামলা দায়ের করে বিমল গুরংসহ জনমুক্তি মোর্চার একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রেক্ষিতেÿবিমল গুরং গা ঢাকা দেন। তাঁকে বারবার গ্রেপ্তার করার উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ব্যর্থ হয়।

১০৭ দিন শেষে দার্জিলিং থেকে অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহারের ঘোষণা দেন বিমল গুরং। মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাং এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রথমে বনধ প্রত্যাহারের ঘোষণা দিলেও বিমল গুরংয়ের ভয়ে অনেকে বনধ প্রত্যাহার করতে সাহস পায়নি। কিন্তু শেষ পর্যন্ত বিমল গুরং ও মদন তামাংয়ের পৃথক ডাকে দার্জিলিংয়ে বনধ প্রত্যাহার হয়। শান্তি আসতে শুরু করে। স্বাভাবিক হতে থাকে দার্জিলিংয়ের জনজীবন।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মৃত্যুকে খুন হিসেবে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ আত্মগোপন করে থাকা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের মনোজ শঙ্করকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি বিমল গুরংদের অর্থের জোগান দিচ্ছিলেন।