দার্জিলিং নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র রাজ্য সরকারের কাছে নতুন করে রিপোর্ট চাইল। রাজ্য সরকারকে এই কথাও বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী। রাজ্য সরকার চাইলে দ্রুত সেই বৈঠক ডাকা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আজ শনিবার এই খবর জানা গেছে।

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে পাহাড়ে। জনজীবন বিপর্যস্ত। শনিবার সকাল থেকে পরিস্থিতি নতুন করে ঘোরালো হয়ে ওঠে। গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থকদের সঙ্গে জায়গায় জায়গায় পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, জাতীয় পতাকা নিয়ে মোর্চা পাহাড়ে অশান্তি চালাচ্ছে। তাদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে।
কেন্দ্রীয় সরকার এই সপ্তাহের গোড়াতেই রাজ্যের কাছে পাহাড়ের পরিস্থিতি নিয়ে রিপোর্ট চায়। সেই রিপোর্ট আজও এসে পৌঁছায়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর। রিপোর্ট না আসায় রাজ্য সরকারের চাহিদা অনুযায়ী অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো যাচ্ছে না বলে সূত্রের খবর। এর মধ্যেই শুক্রবার রাত থেকে মোর্চা নেতাদের ধরপাকড়কে কেন্দ্র করে নতুন করে অশান্তির শুরু। পরিস্থিতির মোকাবিলায় শনিবার দুপুরে সেনা নামানো হয়।
পৃথক রাজ্যের দাবি না মানলেও ১৯৮৮ সালে কেন্দ্র, রাজ্য ও গোর্খাদের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সৃষ্টি হয় দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। ওই চুক্তির মাধ্যমে স্বশাসনের অধিকার পান পাহাড়ের মানুষ। মুকুটহীন সম্রাট হন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা সুভাষ ঘিসিং। ২০০৭ সালে ঘিসিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বিমল গুরুং। নতুন করে তিনি পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলে শুরু করেন আন্দোলন। ২০১১ সালে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে গঠিত হয় গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাওয়ায় মোর্চা নতুনভাবে পৃথক রাজ্যের দাবিতে শুরু করেছে আন্দোলন।
মোর্চা নেতা রোশন গিরি দিল্লি এসেছেন। ইতিমধ্যেই তিনি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে দেখা করেছেন। মোর্চার সমর্থনেই বিজেপি দার্জিলিং আসনটি ২০১৪ সালে জেতে। সূত্রের খবর, রোশন গিরি চাইছেন দার্জিলিংয়ের ক্ষেত্রে কেন্দ্র হস্তক্ষেপ করুক। কেন্দ্র চাইছে রাজ্য সরকারের সম্মতিতে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে শান্তি ফিরুক।