দার্জিলিং নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার আলোচনা
এখনো শান্ত হয়নি ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য জনপদ দার্জিলিং। গত ১২ জুন থেকে চলছে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্। এই বন্ধ্ আজ ৪৪ দিনে পড়েছে। চলছে দার্জিলিং জেলাজুড়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন।
আজ ছিল ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজধানী দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার দার্জিলিং পরিস্থিতি নিয়ে কথা হয়। তখন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, তিনি যেন এ বিষয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
এরপরে আজ সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলতে চলে যান তাঁর দিল্লির বাসভবনে। সেখানে তিনি দার্জিলিং পরিস্থিতি নিয়ে একপ্রস্থ কথা বলেন। রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলে তাঁর বাসভবন থেকে বেরিয়ে এসে মমতা সাংবাদিকদের জানান, তিনি রাজনাথ সিংকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। রাজনাথ সিংয়ের পায়ে চোট লেগেছে। তিনি আরও বলেন, দার্জিলিং ও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।