দার্জিলিং নিয়ে মমতার বৈঠকে ইতিবাচক সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য সচিবালয় নবান্নে এক সর্বদলীয় বৈঠক বসে। আলোচনার পর মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে।

আজকের বৈঠকে দার্জিলিংয়ের চারটি আঞ্চলিক দল অংশ নেয়। বৈঠকে দার্জিলিংয়ের অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্‌ধ্‌ প্রত্যাহার করার জন্য পাহাড়ের দলের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক নেতারা আজ বন্‌ধ্‌ প্রত্যাহারের ঘোষণা না দিলেও আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাঁরা বলেন, দার্জিলিং ফিরে গিয়ে এ ব্যাপারে দলীয় স্তরে আলোচনা করে ঘোষণা দেবেন। দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ আজ ২ মাস ১৯ দিনে পা দিয়েছে।
মমতা বলেন, ‘দার্জিলিং সমস্যা সমাধানের পথ খুলছে। আলোচনার পথ খুলে গেছে। এ আলোচনা আমরা আরও এগিয়ে নিয়ে যাব।’ তিনি এ কথাও বলেন, পাহাড়ের দলগুলো গোর্খাল্যান্ড ইস্যু তোলেন। তাঁরা পাহাড়ে শান্তি ফেরাতে একমত হয়েছেন। সব দলই চাইছে পাহাড়ে শান্তি ফিরুক। পাহাড়ের বন্‌ধ্‌ প্রত্যাহারের বিষয়টি পাহাড়ের দলেরই। তবে সব দলই এখন চাইছে পাহাড়ে শান্তি ফিরুক। পাহাড়ের সমস্যার সমাধান হোক। অচলাবস্থা কাটুক।
সাংবাদিক সম্মেলনে জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং বলেন, দার্জিলিং ফিরে দলীয় স্তরে আলোচনা করে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
এদিকে কলকাতায় সর্বদলীয় বৈঠক শুরুর আগে আজ বিকেলে দার্জিলিংয়ের মিরিক পৌরসভার সামনে সকেট বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটে। এ ছাড়া ডিএম বাংলো পর্যন্ত পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে নারী মোর্চার সমর্থকেরা মিছিলও করে।