দার্জিলিং নিয়ে সর্বদলীয় বৈঠক কাল

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিংয়ের অচলাবস্থা কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। বিকেল চারটায় এ বৈঠক বসছে রাজ্য সচিবালয় নবান্নে। যোগ দিচ্ছে পাহাড়ের শীর্ষ দল জনমুক্তি মোর্চা। তবে আসছেন না মোর্চার প্রধান বিমল গুরুং। তিনি এখন অনেকটাই আত্মগোপন করে আছেন। তাঁর বিরুদ্ধে ঝুলছে দার্জিলিংয়ে অশান্তির অভিযোগে মামলা।
কালকের বৈঠকে পাহাড়ের অধিকাংশ দল যোগ দিচ্ছে। জনমুক্তি মোর্চা থেকে যোগ দিচ্ছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে থাকছেন জনমুক্তি মোর্চার মুখ্য সমন্বয়ক বিনয় তামাং, আর বি ভুজেল, অনীত থাপা, শিরিং দাহাল ও রোহিত থাপা।
এদিকে গতকাল এক ভিডিও বার্তায় জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং জানিয়ে দিয়েছেন, এই সর্বদলীয় বৈঠকে আলোচনা করতে হবে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে। যদি কেউ গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে আলোচনা না করে পাহাড়ে ফিরে আসেন, তাঁদের আর পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না। ফলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, অনির্দিষ্টকালের বন্ধ্ প্রত্যাহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে এসেছে, তবে কি পাহাড়ের বরফ গলবে না? বিশেষ করে গতকাল বিমল গুরুং বলেছেন, ‘দলের মধ্যে কেউ কেউ বিশ্বাসঘাতকতা শুরু করেছে। এটা বরদাশত করা হবে না। আমরা এখনো পৃথক গোর্খাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠার দাবিতে অনড় রয়েছি।’ ফলে এই বৈঠকের সফলতা নিয়ে এখনই প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক মহলে।
গত মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে সর্বদলীয় বৈঠক আহ্বানের কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই। বলেন, পাহাড়ের বর্তমান অচলাবস্থা কাটিয়ে স্থিতিশীলতা আনতে জিএনএলএফের তরফ থেকে তাঁকে উদ্দেশ করে লেখা একটি চিঠির পরিপ্রেক্ষিতেই তিনি এ বৈঠক ডেকেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই আসতে পারে এ বৈঠকে।’
পশ্চিমবঙ্গের বিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষা পড়ানোর ঘোষণা দিলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা তা না মেনে এর বিরোধিতায় মাঠে নামে এবং মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু প্রত্যাহার না হওয়ায় আন্দোলন চাঙা রাখার জন্য জনমুক্তি মোর্চার নেতারা শুরু করে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে শুরু হয় অনির্দিষ্টকালের দার্জিলিং বন্ধ্। সেই বন্ধ্ আজ সোমবার ২ মাস ১৮ দিনে পা দিল।