দার্জিলিং সমস্যা সমাধানে আবার বৈঠক মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো বসছে সর্বদলীয় বৈঠক। এবার এ বৈঠক বসছে রাজ্যের উত্তরবঙ্গের উত্তরকন্যা সচিবালয়ে। 

এর আগে গত ২৯ আগস্ট মমতার ডাকে প্রথম সর্বদলীয় বৈঠক বসেছিল কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে। সেখানে দার্জিলিংয়ের আন্দোলনকারী সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষে যোগ দিয়েছিলেন জনমুক্তি মোর্চার সমন্বয়ক বিনয় তামাংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ বৈঠকেই সিদ্ধান্ত হয় ১২ সেপ্টেম্বর পরবর্তী বৈঠক বসবে উত্তরকন্যায়। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার বৈঠকের পর বিনয় তামাং দার্জিলিং ফিরে এসে ঘোষণা দেন দার্জিলিংয়ের অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। এই বন্‌ধ্‌ প্রত্যাহার নিয়ে কার্যত ভাগ হয়ে যায় জনমুক্তি মোর্চা। একদিকে বিনয় তামাং, অন্যদিকে বিমল গুরুং।
গতকাল শনিবার বিনয় তামাং তাঁর বাসভবনে সাংবাদিকদের জানিয়ে দেন, মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ না হলে গোর্খাল্যান্ডের দাবিতে শুরু করবেন অনশন আন্দোলন। মূলত, জনমুক্তি মোর্চার দলের রাশ টানার জন্যই বিনয় তামাং এ অনশনের ঘোষণা দেন বলে রাজনৈতিক নেতারা মনে করছেন। তাই ১২ সেপ্টেম্বরের পরবর্তী সর্বদলীয় বৈঠকের দিকে তাকিয়ে আছে দার্জিলিংবাসী।
এদিকে বিনয় তামাং বন্‌ধ্‌ প্রত্যাহারের ঘোষণা দিলেও কার্যত বন্‌ধ্‌ প্রত্যাহার হয়নি। কার্শিয়াংসহ দু-একটি এলাকায় কয়েকটি দোকান খুললেও এখনো বন্ধ রয়েছে হাট-বাজার, স্কুল-কলেজ ও ব্যাংক।
এদিকে মঙ্গলবারের বৈঠক সফলভাবে অনুষ্ঠিত করা এবং দার্জিলিংয়ে শান্তি ফিরিয়ে আনার দাবিতে আজ রোববার শিলিগুড়ি কার্শিয়াংয়ের পানিঘাটায় রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে দুটি শান্তি মিছিল বের হয়। কার্শিয়াংয়ের তিনধারিয়ায় বিনয় তামাংরা দার্জিলিংয়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ সভাও করেন। এদিকে মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের যোগ দেওয়ার জন্য জনমুক্তি মোর্চার দুই বিধায়ক রোহিত শর্মা ও অমর রাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।