দার্জিলিং সমস্যার সমাধানের ক্ষীণ আশা

ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে চলমান অনির্দিষ্টকালের বন্ধ্ আজ শনিবার ২ মাস ১৯ দিনে পা দিল। এদিকে প্রচণ্ড চাপে পড়ে জনমুক্তি মোর্চা অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে ২১ জুলাই থেকে চলা আমরণ অনশন তারা প্রত্যাহার করে নিয়েছে গত ১৪ আগস্ট।
গতকাল শুক্রবার গোর্খা জনমুক্তি মোর্চার সহসভাপতি কল্যাণ দেওয়ান সুর নরম করে জানিয়েছেন, তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এমনকি তাঁরা পাহাড়ের বন্ধ্ প্রত্যাহার করে নিতেও রাজি। এর আগে অবশ্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের বন্ধ্ ও অনশন প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা নয়। এরপরেই সুর নরম করে মোর্চা। তারা প্রত্যাহার করে নেয় অনশন আন্দোলন।
এদিকে এই বন্ধ্ চলার মাঝেই গতকাল রাত ১২টার সময় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে দার্জিলিংয়ের জনবহুল সুপার মার্কেট এলাকায়। বিস্ফোরণের মাত্রা এতই শক্তিশালী ছিল যে আশপাশ এলাকার বহু বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। আবার আজ শনিবার ভোরে লেবংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় বাদামতামের বাংলোতেও। পুলিশ এই দুটি ঘটনার তদন্ত শুরু করেছে।