দার্জিলিংয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার, বন্ধ্ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলমান আন্দোলনের মাঝেই গত সোমবার গোর্খা জনমুক্তি মোর্চা তুলে নিয়েছে অনশন কর্মসূচি। তবে এখনো চলছে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌। আজ বুধবার বন্‌ধ্‌ গড়িয়েছে ২ মাস ১৬ দিনে।

দার্জিলিংয়ের অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ এবং অনশন প্রত্যাহার করে অবিলম্বে দার্জিলিং সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত রোববার দিল্লিতে গোর্খাল্যান্ড মুভমেন্ট সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই বন্‌ধ্‌ এবং অনশন প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। মূলত সেই ডাকে সাড়া দিয়ে জনমুক্তি মোর্চা অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ প্রত্যাহার না করলেও প্রত্যাহার করল অনশন। গত ২১ জুলাই থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে যুব মোর্চার ডাকে এই অনশন আন্দোলন শুরু করে যুব মোর্চার সমর্থকেরা। সোমবার স্থানীয় বিধায়ক সবিতা রাই অনশন মঞ্চে গিয়ে এই অনশন ভাঙান।

মোর্চার মুখপাত্র বিনীতা রোকা বলেন, ‘পাহাড়ের বন্‌ধ্‌ উঠছে না। তবে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা শুরু করতে আমরা অনশন প্রত্যাহার করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা আশাপ্রদ হয়েছে। তিনি অনুরোধ করেছেন, তাই অনশন তুলে নেওয়া হলো।’ জানা যায়, জনমুক্তি মোর্চার কেউ কেউ অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ও প্রত্যাহার করার পক্ষে রয়েছেন। সামনে পুজোর মৌসুম। পাহাড়ের রুটি-রুজি এবং সাধারণ মানুষের কথা ভেবে জনমুক্তি মোর্চা অচিরেই বন্‌ধ্‌ প্রত্যাহার করে নিতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তবে মোর্চার নেতারা এ ব্যাপারে এখনো মুখ খোলেননি। গত ১২ জুন থেকে দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে শুরু হয়েছে এই অনির্দিষ্টকালের বন্‌ধ্‌।