দার্জিলিংয়ে এখনো অশান্ত, বন্ধ্ চলছেই

এখনো শান্ত হয়নি ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। আজ বুধবার ১০ম দিনের মতো বন্ধ্ চলছে। শহরে চলছে না কোনো যানবাহন। বন্ধ স্কুল, কলেজসহ দোকানবাজার। পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানোর নির্দেশ দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা এ সিদ্ধান্ত না মেনে অনির্দিষ্টকালের বন্ধ্ ডাকে।
এদিকে গতকাল মঙ্গলবার দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে স্থানীয় জিমখানা ক্লাবে আয়োজিত সর্বদলীয় এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার দার্জিলিং থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী, সেই সঙ্গে বাড়তি পুলিশ প্রত্যাহার না করা পর্যন্ত দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ বা হরতাল চলবে। বৈঠকে দাবি ওঠে দার্জিলিংয়ের সব বিধায়কদের ইস্তফা দেওয়ার। এই সর্বদলীয় বৈঠকে কংগ্রেস, বিজেপি, জিএনএলএফ, জন-আন্দোলন পার্টি, গোর্খা লীগসহ জাতীয় ও আঞ্চলিক ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। অনুপস্থিত থাকে তৃণমূল ও বাম দল।
সর্বদলের এ বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দার্জিলিংয়ে গঠিত জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পদত্যাগ করবে সব সদস্য। সিদ্ধান্তে বলা হয়, এখন জিটিএ অস্তিত্বহীন। যদিও আগামী মাসে এই জিটিএর নির্বাচন হওয়ার কথা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্যোগে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, তাতে যোগ দেবে না পাহাড়ের কোনো দল। এদিন পাহাড়ের সব দল দিয়ে গঠন করা হয় কোর কমিটি। এই কমিটির পরবর্তী বৈঠক হবে ২৪ জুন। ওই দিনই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।