দার্জিলিংয়ে কাটছে না কালো মেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটে রাস্তাঘাট ফাঁকা দার্জিলিংয়ে। ছবি: ভাস্কর মুখার্জি
ধর্মঘটে রাস্তাঘাট ফাঁকা দার্জিলিংয়ে। ছবি: ভাস্কর মুখার্জি

অশান্তির কালো মেঘে ছেয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাহাড়ি এলাকা দার্জিলিং। আজ শনিবার নিয়ে মোট ৬২ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। অচল হয়ে পড়েছে দার্জিলিং। বিপর্যস্ত জনজীবন। কমে গেছে পর্যটক।

দার্জিলিংয়ের শিল্পকারখানা, স্কুল-কলেজ, হাটবাজার, যানবাহন চলাচল বন্ধ। এলাকায় ঢোকার পথও বন্ধ। দেখা দিয়েছে খাদ্যসংকট।

মাত্র একটি ঘোষণাকে কেন্দ্র করে দার্জিলিংয়ে এই অশান্তির শুরু। তা এখন পাহাড়প্রমাণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, দার্জিলিংয়ে সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়াতে হবে। এখানকার মূল ভাষা নেপালি। এই ঘোষণায় খেপে ওঠে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। শুরু হয় দার্জিলিংজুড়ে আন্দোলন। সেই আন্দোলন শেষ পর্যন্ত পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনকে ঘিরে অশান্ত হয়ে পড়ে দার্জিলিং।

১২ জুন থেকে শুরু হওয়া ধর্মঘটের জেরে দার্জিলিংয়ে প্রাণ গেছে জনমুক্তি মোর্চার সমর্থকদেরও। পোড়ানো হয়েছে বহু সরকারি অফিস-আদালত, যানবাহন, পঞ্চায়েত অফিস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জনমুক্তি মোর্চা।

ছোট্ট পাহাড়ি জেলা দার্জিলিং ৩ হাজার ১৪৯ বর্গকিলোমিটার বিস্তৃত। এই জেলার অর্থনীতি নির্ভর করে আছে পর্যটন আর চা-শিল্পের ওপর। জেলার জনসংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৮২৫ জন। রয়েছে দার্জিলিংয়ে ৮৭টি টিএস্টেট বা চা-বাগান। ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে এই চা জন্মে। প্রতিবছর গড় উৎপাদন নয় মিলিয়ন কেজি। এই জেলার ৫০ শতাংশ মানুষ এই চা-শিল্পের সঙ্গে জড়িত। জেলার দ্বিতীয় শিল্প পর্যটন। এখানে রয়েছে ৫১৮টি বিভিন্ন ধরনের হোটেল।

চলছে না ট্রেন। ছবি: ভাস্কর মুখার্জি
চলছে না ট্রেন। ছবি: ভাস্কর মুখার্জি

দার্জিলিং সদর, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে রয়েছে বেশ কয়েকটি নামীদামি ইংরেজি মাধ্যম স্কুল। সব মিলিয়ে এই জেলায় রয়েছে ১১০টি স্কুল। আজ শনিবার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এসব স্কুলে শুধু দার্জিলিং নয়, ভারতের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ ও নেপাল থেকে প্রচুর শিক্ষার্থী পড়তে যায়। ধর্মঘটের কারণে ছাত্রছাত্রীরা নিজ নিজ দেশে ও রাজ্যে ফিরে গেছে।

দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে প্রথম আন্দোলন শুরু করে জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফোর্স। এর নেতা ছিলেন প্রয়াত সুভাষ ঘিসিং। ১৯৮০ সাল থেকে তিনি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করেন। ১৯৮৮ সালে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় এবং তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের উদ্যোগে দার্জিলিংয়ে গঠিত হয় স্বায়ত্তশাসিত দার্জিলিং-গোর্খা পার্বত্য পরিষদ। এর প্রধান করা হয় সুভাষ ঘিসিংকে। এই পরিষদের অন্যতম সদস্য বা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বর্তমান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংও। তিনি জিএনএফএফ থেকে বেরিয়ে এসে সুভাষ ঘিসিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে ২০০৭ সালের ৭ অক্টোবর গড়েন গোর্খা জনমুক্তি মোর্চা। সেই মোর্চা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ÿক্ষমতায় এসে বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনা করে ২০১২ সালের আগস্ট মাসে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করে।

সম্প্রতি দিল্লিতে গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটি বা জিএমসিপির ডাকা সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দার্জিলিংয়ে অনির্দিষ্টকাল ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।

শিলিগুড়ির নর্থবেঙ্গল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন দাস প্রথম আলোকে বলেছেন, এই অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাব গোটা শিলিগুড়ি শহরে পড়েছে। শিলিগুড়িতে রয়েছে ১৪১টি হোটেল। এসব হোটেলের বেশির ভাগ বোর্ডার আসেন দার্জিলিং ও সিকিম ভ্রমণের জন্য।

ইমপেস হোটেলের ম্যানেজার বিনয় সিং জানান, এখানকার হোটেলগুলো পর্যটকশূন্য হয়ে পড়েছে।

শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার চায়ের দোকানদার প্রশান্ত ঘোষ বলেন, এই এলাকাটি পর্যটকদের পছন্দের এলাকা। এখানের সব হোটেলই আসেন প্রচুর পর্যটক। দার্জিলিং ধর্মঘটের কারণে হোটেলে পর্যটক না আসায় তাঁদেরও বিক্রিবাট্টা কমে গেছে।

খবরের কাগজ বিক্রেতা তরুণ কান্ত ঘোষ বলেছেন, এই হোটেলপাড়ায় সব সময়ই পর্যটকদের ভিড় থাকে। পর্যটক না আসায় তাঁদের খবরের কাগজও বিক্রি কমে গেছে।

শিলিগুড়িতে বাজাজ ইনস্যুরেন্স কোম্পানির ফিন্যান্স ম্যানেজার ইন্দ্রনীল গুপ্ত প্রথম আলোকে বলেছেন, জনমুক্তি মোর্চার নেতারা আন্দোলন থেকে মুক্তি চাইলেও মোর্চা নেতারা তা মুখে বলতে পারছেন না। কারণ, তাঁরা এখন আটকে পড়েছেন নারী ও যুব মোর্চার নেতা-কর্মীদের বেড়াজালে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের উত্তর দিনাজপুরের চোপড়ায় পাহাড়ে শান্তি ফেরাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।