দার্জিলিংয়ে জিটিএ গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে চাঙা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পাহাড় ধীরে ধীরে ছন্দে ফিরছে। গোর্খাল্যান্ড নিয়ে টানা বন্‌ধের জন্য প্রশাসনিক কাজকর্মও বন্ধ ছিল। এর জন্য নতুন বোর্ড গঠন করা হলো।

মমতা ব্যানার্জি বলেন, পাহাড়ের উন্নয়নে গতি আনতে জিটিএ পরিচালনার জন্য আট সদস্যের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হবে। ঠিক হয়েছে, বিনয় তামাংয়ের নেতৃত্বে আপাতত জিটিএর কাজ চলবে। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন বিনয় তামাং। ডেপুটি হিসেবে অনীত থাপাকে মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বোর্ডের সচিব হয়েছেন বরুণ রায়। নতুন বোর্ডের ব্যাপারে বিজ্ঞপ্তিও রাজ্য সরকারের তরফে জারি করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি বোর্ডে থাকবেন। কয়েক দিন আগে গোর্খা জনমুক্তি মোর্চার আলোচনাপন্থী নেতা বিনয় তামাঙ ও অনীত থাপা কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। এরপরই এ ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতা জানিয়ে দিয়েছেন, পাহাড়ে নির্বাচনের অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত নতুন জিটিএ কাজ চালিয়ে যাবে।

২০১১ সালের ১৮ জুলাই কেন্দ্রীয় সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, রাজ্য সরকার ও গোর্খা মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের বদলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়েছিল। ২০১২ সালে নির্বাচনে জিতে মোর্চা জিটিএ পরিচালনা করছিল। কিন্তু পাহাড়ের অনেক দলই অভিযোগ করেছিল, জিটিএ পাহাড়ের মানুষের উন্নয়নসহ কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।