দার্জিলিংয়ে জিটিএ চুক্তির প্রতিলিপি পোড়াল গোর্খা জনমুক্তি মোর্চা
গোর্খা জনমুক্তি মোর্চার ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের চকবাজারে আয়োজিত গোর্খা জনমুক্তি মোর্চার সমাবেশে জিটিএ চুক্তির অনুলিপি পোড়ানো হয়েছে। এর আগে এ সমাবেশে যুব মোর্চার সদস্যরা টিউবলাইট মিছিল করে। এরপরে খালি গায়ে পিঠে টিউবলাইট ভেঙে শরীরকে রক্তাক্ত করে প্রতিবাদ জানায়।
টিউবলাইট ভাঙা কর্মসূচির পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং জিটিএ চুক্তির অনুলিপি আগুনে পোড়ান। এ ছাড়া দার্জিলিংয়ের ৪৫টি জিটিএভুক্ত এলাকায় চুক্তির অনুলিপি পোড়ানো হয়েছে।
তামাং ঘোষণা বলেন, ‘এই পাহাড়ে জিটিএর অস্তিত্ব রইল না। পাহাড় থেকে জিটিএর অন্তিম যাত্রা হলো। ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেবে না গোর্খা জনমুক্তি মোর্চা। পৃথক রাজ্য গোর্খাল্যান্ড আমরা আদায় করবই।’
এদিকে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ও পাহাড়ের দায়িত্বে থাকা গৌতম দেব বলেছেন, ‘পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের বৃথা স্বপ্ন দেখছে জনমুক্তি মোর্চা। পাহাড় বা দার্জিলিং পশ্চিমবঙ্গেরই অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা এক আছে, এক থাকবে। ভাগ হবে না।’
২০১১ সালে প্রথম ক্ষমতায় আসার পর দার্জিলিংয়ে শান্তি ফেরাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোর্খা জনমুক্তি মোর্চা, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিপক্ষীয় এই গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তির পর পাহাড়ে গঠিত হয় জিটিএ। যথারীতি জিটিএর নির্বাচনের পর জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে গঠন করে স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএ। এর প্রধান হন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রীমো বিমল গুরুয়। আজ সেই জিটিএ চুক্তিকে কার্যত পুড়িয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা।