দার্জিলিংয়ে থানায় গ্রেনেড হামলা, পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের অশান্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং। গত শনিবার রাতে জেলার কালিম্পং থানায় গ্রেনেড ছোড়া হয়েছে। এতে পুলিশের সহযোগী বাহিনী সিভিক পুলিশের এক সদস্য নিহত হন। গুরুতর আহত হন দুজন। তাঁদের মধ্যে একজন সিভিক পুলিশ এবং অন্যজন হোম গার্ড বাহিনীর সদস্য।

পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এর আগে শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণ ঘটানো হয় দার্জিলিংয়ের জনবহুল সুপার মার্কেট এলাকায়। এতে আশপাশের এলাকার বহু বাড়িঘর এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ভোরে লেবংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় বাদামতামের বাংলোতেও।

অন্যদিকে শনিবার গভীর রাতে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের (জিটিএ) একটি বন বাংলোয় অগ্নিসংযোগ করা হয়। এতে বাংলোটি পুড়ে যায়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ গতকাল রোববার ২ মাস ২০ দিনে পড়ল। এই বন্‌ধ্‌ শুরু হয় গত ১২ জুন। তবে ২১ জুলাই থেকে চলা আমরণ অনশন তারা প্রত্যাহার করে নিয়েছে ১৪ আগস্ট।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ের দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা পড়ানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয় দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। এর প্রতিবাদে শুরু হয় অনির্দিষ্টকালের বন্‌ধ্। দাবি ওঠে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের।

প্রচণ্ড চাপে পড়ে জনমুক্তি মোর্চা অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। শুক্রবার গোর্খা জনমুক্তি মোর্চার সহসভাপতি কল্যাণ দেওয়ান জানিয়ে দেন, তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনায় বসতে এবং বন্‌ধ্‌ প্রত্যাহার করে নিতেও প্রস্তুত। এর আগে অবশ্য ১৩ আগস্ট এক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, বন্‌ধ্‌ এবং অনশন প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা নয়।