দার্জিলিংয়ে ধিক্কার দিবসের ডাক গোর্খা মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে কাল শুক্রবার ধিক্কার দিবসের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নারী সংগঠন। সংঘর্ষে গোর্খা জনমুক্তির এক সমর্থকের মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সরকারি বিভিন্ন কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লামাহাটার পঞ্চায়েত কার্যালয়ে আগুন লাগিয়েছে একদল আন্দোলনকারী। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলেও বেশ কিছু জায়গায় ঘরবাড়ি ভাঙচুর করা হয়। মোর্চা সমর্থকেরা অবশ্য এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে চকবাজার মোটরস্ট্যান্ড পর্যন্ত বিশাল একটি মিছিল করে মোর্চা। মঙ্গলবার গভীর রাতে কার্শিয়াঙে একটি ৮৭ বছরের প্রাচীন রাজরাজেশ্বরী বেঙ্গলি কমিউনিটি হল পুড়িয়ে দেওয়া হয়। বুধবার চকবাজারে পেট্রলবোমায় একটি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।

এর আগে মিরিকে ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পুনম বিশ্বের গ্যারেজে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া কালিম্পঙের আলগাড়ার কাছে কালে গ্রাম পঞ্চায়েত কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনও ভাঙচুরের হাত থেকে নিস্তার পায়নি। টয় ট্রেনের দুটি হেরিটেজ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়। গোর্খাল্যান্ড রাজ্যের দাবির সমর্থকদের হাত থেকে এখন বাদ পড়ছে না দোকানপাটও। চকবাজারের কাছে একটি জুতোর দোকানে কয়েক দিন আগে আগুন লাগিয়ে দেন মোর্চার সমর্থকেরা।

কালিম্পং ও সোনাদায় সারা দিনই চলছে সেনাবাহিনীর টহল। শুধু পাহাড়ই নয়, সমতলও উত্তপ্ত হচ্ছে আন্দোলনকারীদের কার্যকলাপে। বিভিন্ন জায়গায় রিলে-অনশন শুরু করেছেন গোর্খাল্যান্ডের সমর্থকেরা। ভারত সরকারের কোনো সাড়া না পেয়ে দার্জিলিংয়ের আন্দোলনকে এবার দিল্লিতে নিয়ে যাচ্ছে মোর্চা। আন্দোলনের সমন্বয় কমিটির বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে। এর আগে ছয়টি বৈঠক হয়েছে দার্জিলিংয়ে। ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আন্দোলনকারীরা অবিচল রয়েছে।

দার্জিলিংয়ে জনমুক্তি মোর্চার আন্দোলনের সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতার একটি ঘোষণাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী ঘোষণা দেন রাজ্যের সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকে বাংলা ভাষা পড়তে হবে। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গোর্খা জনমুক্তি মোর্চা। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তোলে তারা। এই দাবিতে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।