দার্জিলিংয়ে বন্ধে ব্যাপক পিকেটিং
পশ্চিমবঙ্গের স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পড়া বাধ্যতামূলক করার ঘোষণার পরিপ্রেক্ষিতে অশান্ত দার্জিলিংয়ে গতকাল শুক্রবার ১২ ঘণ্টার বন্ধ (হরতাল) পালিত হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) আহূত বন্ধ চলাকালে ব্যাপক পিকেটিংয়ের ঘটনা ঘটে।
পাহাড়ি জেলা দার্জিলিংয়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা নেপালি। তাই রাজ্যের সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানোসংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা কোনোভাবেই মানতে রাজি নয় গোর্খা জনগোষ্ঠীর সংগঠন জিজেএম। তারা এখন বলছে, বাংলা ভাষাকে ঐচ্ছিক বিষয় হিসেবেও পাঠ্যসূচিতে রাখা যাবে না।
গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন। জিজেএমের দাবি ছিল, ভাষা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। কিন্তু তা না হওয়ায় বৈঠকের পর থেকেই বিক্ষোভ শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের যানসহ বেশ কিছু গাড়ি। দ্রুত অঘোষিত হরতালের রূপ নেয় দার্জিলিং ও কালিম্পং। এরপরই ১২ ঘণ্টা বন্ধের ডাক দেন মোর্চা নেতারা।
পর্যটনের ভরা মৌসুমে বন্ধের কারণে দার্জিলিংয়ে আটকা পড়েছেন বাংলাদেশিসহ কয়েক হাজার পর্যটক। তাঁদের উদ্ধার করে বিশেষ যানবাহনে করে শিলিগুড়িতে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।