দার্জিলিংয়ে বন্ধের তিন দিন পার

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে স্থানীয় রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চার অনির্দিষ্টকালের বন্ধের তৃতীয় দিন পার হলো আজ বুধবার। আজ অবশ্য বন্ধ্কে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিংমারিতে জনমুক্তি মোর্চার দপ্তর এবং বিমল গুরুংয়ের বাসভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে মালিধুরায় গোর্খা যুব মোর্চার একটি বৈঠক চলাকালীন পুলিশ সেই বাড়িটিও ঘিরে রেখেছে।
এসব ঘটনার পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আজ ঘোষণা দিয়েছেন, দার্জিলিংয়ে আন্দোলন চলবে। তিনি বলেছেন, ‘সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। কত দিন থাকবে সিআরপিএফ পাহাড়ে?’
জনমুক্তি মোর্চার হুমকিতে তৃতীয় দিনেও টয় ট্রেন চলেনি দার্জিলিংয়ে। তারা নতুন করে হুমকি দিয়েছে জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিংয়ের গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর সচিবকে বদলি করে আজ সি মুরুগলকে নতুন সচিব হিসেবে নিয়োগ করেছে।
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ের দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষাকে পড়ানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয় দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। এরই প্রতিবাদে তারা সোচ্চার হয়। শুরু হয় সোমবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ্। দাবি ওঠে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের।
গোটা দার্জিলিং শহর পুলিশ, সেনাবাহিনী, সিআরপিএফ, র্যাফসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘিরে রাখায় দার্জিলিং কার্যত একটি দুর্গের রূপ নিয়েছে।