দার্জিলিংয়ে বন্ধের ১০৫ দিন পার
ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য জনপদ দার্জিলিংয়ে গত ১২ জুন থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের আজ বন্ধ্ ১০৫ দিনে পা দিয়েছে। স্বাভাবিক হয়নি দার্জিলিংয়ের জনজীবন, চলছে বন্ধের পক্ষে-বিপক্ষে বাদ-প্রতিবাদ।
দার্জিলিংয়ের ১৯টি ব্যবসায়ী সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল আজ রোববার থেকে দোকানপাট খোলার। সকালে পুলিশের সহায়তায় কিছু দোকানপাট খুললেও ঘণ্টা দু-এক পর তা বন্ধ হয়ে যায়। বিশেষ করে বন্ধ্-বিরোধীদের হুমকি দিয়ে পোস্টার পড়ায়। ওই পোস্টারে বলা হয়েছে, যারা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে গেছে বা যারা আন্দোলনের সঙ্গে বেইমানি করে দোকানপাট খুলবে, তাদের হত্যা করা হবে। এই হুমকিতে মূলত বন্ধ হয়ে যায় দোকানপাট। এ ছাড়া আজ দার্জিলিং থেকে লেবং যাওয়ার পথে একটি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়।
তবে এই বন্ধ্কে ঘিরে অবশ্য বন্ধের পক্ষে আন্দোলনকারী গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরেছে।
জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের বিরোধিতা করে তাঁরই দলের আরেক নেতা বিনয় তামাং ও অনিল থাপারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আঁতাত করে বন্ধ্-বিরোধিতায় মাঠে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনয় তামাংকে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কমিটির চেয়ারম্যান করেছেন।
অন্যদিকে আত্মগোপন করে থাকা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং অডিও টেপের মাধ্যমে বার্তা দিয়েছেন, ’বিশ্বাসঘাতক’ বিনয় তামাংরা গোর্খাল্যান্ড ইস্যুতে গোর্খাদের সঙ্গে বেইমানি করে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন। বিমল গুরুং এসব বিশ্বাসঘাতক নেতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে বিনয় তামাংরা দার্জিলিংয়ে শান্তি ফেরাতে এবং জনজীবন স্বাভাবিক করার জন্য মাঠে নেমে আজ দার্জিলিংয়ে দোকানপাট খোলার ডাক দিলেও কার্যত তা সফল হয়নি।
গত শুক্রবার বিমল গুরংয়ের ঘনিষ্ঠ তিন নেতাকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ে আত্মগোপন করে থাকা একটি বাড়ি থেকে। এঁরা হলেন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান ও জনমুক্তি মোর্চা নেতা ডি কে প্রধান, জিটিএর সদস্য ও কাউন্সিলর ত্রিলোকচাঁদ রোকা এবং জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় নেতা পিটি ওলা। তবে পুলিশ এদিন গ্রেপ্তার করতে পারেনি জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিকে। তিনি পালিয়ে যেতে সক্ষম হন।