দার্জিলিংয়ে বন্ধ্ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিংয়ে চলমান অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ কর্মসূচির এক মাস পূর্ণ হয়েছে। এদিন মিরিকে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিংয়ে চলমান এ কর্মসূচি অব্যাহত থাকবে। গত ১২ জুন থেকে এ কর্মসূচি শুরু হয়। 


আজ সমন্বয় কমিটির বৈঠক শেষে গোর্খা জনমুক্তির মোর্চার নেতা বিনয় তামাং ঘোষণা দিয়েছেন, দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ চলবে। শুধু তা-ই নয়, আগামী ১৫ জুলাই থেকে দার্জিলিংয়ের চৌরাস্তায় সর্বদলীয় সমন্বয় কমিটির ডাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে শুরু হবে আমরণ অনশন। এ কর্মসূচিতে যোগ দেবেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী।

বিনয় তামাং ঘোষণা দিয়েছেন, ১৪ জুলাই থেকে বিভিন্ন কার্যালয় ঘেরাও অভিযান শুরু হবে। জেলা প্রশাসক, মহকুমা প্রশাসক, বিডিও কার্যালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিংসহ পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। ১২ জুন থেকে শুরু করে অনির্দিষ্টকালের বন্ধ। সেই আন্দোলন পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠনের আন্দোলনে পরিণত হয়।