দার্জিলিংয়ে বন্ধ্ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্জিলিং
দার্জিলিং

দুই মাস একুশ দিন চলার পর ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিংয়ে বন্‌ধ্‌ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ অঞ্চলের অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বন্‌ধ্‌ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তা ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে এই বন্‌ধ্‌ প্রত্যাহার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর মমতার ডাকে পরবর্তী সর্বদলীয় বৈঠক বসছে উত্তরবঙ্গের উত্তর কন্যা সচিবালয়ে। ওই দিন পর্যন্ত বন্‌ধ্‌ প্রত্যাহার করা হয়েছে। ওই দিনের সর্বদলীয় বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

২৯ আগস্ট কলকাতার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে এক সর্বদলীয় বৈঠক হয়। এ বৈঠকে জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় নেতা ও সমন্বয়ক বিনয় তামাংয়ের নেতৃত্বে পাঁচ সদস্য যোগ দেন। যোগ দেন আরও তিনটি পাহাড়ি দলের নেতারা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বিনয় তামাংকে বন্‌ধ্‌ প্রত্যাহারের আরজি জানান। তখনই বিনয় তামাং সাংবাদিকদের জানিয়ে যান, দার্জিলিং ফিরে দলীয় স্তরে আলোচনা করে জনমুক্তি মোর্চা বন্‌ধ্‌ প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আজ বৃহস্পতিবার বিনয় তামাং দার্জিলিং ফিরে এসে প্রথম জনসভা করেন কার্শিয়াংয়ে। এরপর কেন্দ্রীয় কমিটির এক বৈঠক করে। সে বৈঠকেই সিদ্ধান্ত হয় বন্‌ধ্‌ প্রত্যাহারের।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দীর্ঘ সময় ধরে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ঘিরে দার্জিলিংয়ে সহিংস আন্দোলনে প্রাণ গেছে জনমুক্তি মোর্চার বেশ কজন সমর্থকের। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু যানবাহন, সরকারি অফিস, পঞ্চায়েত অফিস। সেসব ঘটনায় রাজ্য সরকারের দায়ের করা মামলায় আসামি করা হয় বিমল গুরুংকেও। এ ঘটনার পর আত্মগোপন করেন গুরুং। ফলে তাঁকে ছাড়া আজকের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। যদিও এতে ক্ষুব্ধ হন বিমল গুরুং। তবে আজকের বৈঠকের পর বিনয় তামাং জানিয়ে দেন, তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেই বন্‌ধ্‌ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিনয় তামাং এ কথাও বলেছেন, তারা এখনো পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে অনড় রয়েছেন। তাই কাল থেকে প্রত্যাহার করা হলো বন্‌ধ্‌। কাল থেকে খুলে যাবে চা-বাগান, হোটেল রেস্তোরাঁ, স্কুল-কলেজ, হাটবাজার। ফলে কাল থেকেই স্বাভাবিক হবে পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং।
যদিও এর আগে এক অডিও বার্তায় জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং জানিয়ে দিয়েছিলেন, এই সর্বদলীয় বৈঠকে আলোচনা করতে হবে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে। যদি কেউ গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে আলোচনা না করে পাহাড়ে ফিরে আসেন, তাঁদের আর পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না। অডিও বার্তায় বিমল গুরুং দলের কয়েকজন নেতার বিশ্বাসঘাতকতা করারও অভিযোগ তুলেছিলেন।
পশ্চিমবঙ্গের বিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষা পড়ানোর ঘোষণা দিলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা তা না মেনে এর বিরোধিতায় মাঠে নামে এবং মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু প্রত্যাহার না হওয়ায় আন্দোলন চাঙা রাখার জন্য জনমুক্তি মোর্চার নেতারা শুরু করেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে শুরু হয় অনির্দিষ্টকালের দার্জিলিং বন্‌ধ্‌।