দার্জিলিংয়ে বন্ধ্ প্রত্যাহারের আহ্বান মমতার
দার্জিলিংয়ে বন্ধ্ সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সর্বদলীয় বৈঠক হয়েছে শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ মিনি সচিবালয় উত্তরকন্যায়। বেলা তিনটায় অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, গোর্খা লিগ, জন আন্দোলন পার্টি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেসসহ পাহাড়ের প্রায় সব দলের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংয়ের নেতৃত্বে সাত গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি যোগ দেন। ছিলেন জনমুক্তি মোর্চার পাহাড়ের দুই বিধায়ক অমর রাই ও সারিতা রাই। আজ পাহাড়ের অনির্দিষ্টকালের বন্ধ্ তিন মাস পেরিয়েছে। গত ১২ জুন থেকে শুরু হয় এই অনির্দিষ্টকালের বন্ধ্।
এর আগে গত ২৯ আগস্ট মমতার ডাকে প্রথম সর্বদলীয় বৈঠক বসেছিল কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে। সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষে জনমুক্তি মোর্চার সমন্বয়ক বিনয় তামাংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেন। বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, ১২ সেপ্টেম্বর পরবর্তী বৈঠক বসবে উত্তরকন্যায়। উত্তরকন্যায় পাহাড়ের অচলাবস্থা নিরসন এবং শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ সর্বদলীয় বৈঠক বসে।
বৈঠকে বিনয় তামাংরা পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে ১৭ দফা দাবি পেশ করেন। এই দাবির মধ্যে রয়েছে গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনেরও। বৈঠক শেষে বিনয় তামাং সাংবাদিকদের বলেন, তাঁরা পাহাড়ে শান্তি ফেরাতে ও অচলাবস্থা নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক, সরকারি কর্মচারীদের পূজার বোনাসসহ বেতন প্রদান, ৬০ দিনের বন্ধের কবলে পড়ে যাঁরা অফিস করতে পারেননি, তাঁদের বেতন না কাটা, পাহাড়ে নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান, পুলিশের গুলিতে যেসব মোর্চা সমর্থক খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, স্থানীয় কেবল টিভি এবং ইন্টারনেট পরিষেবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি।
বিনয় তামাং ১২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ্ প্রত্যাহার করার ঘোষণা দিলেও আজ আর নতুন করে কোনো ঘোষণা দেননি। তিনি দার্জিলিংয়ে ফিরে গিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা জানান, পরবর্তী সর্বদলীয় বৈঠক হবে কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে আগামী ১৬ অক্টোবর। মুখ্যমন্ত্রী এ কথাও জানান, আজকের বৈঠক সফলভাবে হয়েছে।