দার্জিলিংয়ে বিজেপির রাজ্য সভাপতিকে মারধর

দার্জিলিং সফর করতে গিয়ে আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের হাতে প্রচণ্ডভাবে নিগৃহীত হয়েছেন। তাঁকে এবং তাঁর দলের নেতা জয়প্রকাশ মজুমদারসহ অন্যদের প্রকাশ্য রাস্তায় মারধর করা হয়েছে। লাঠিপেটা করা হয়েছে।
দিলীপ ঘোষ গতকাল বুধবার দার্জিলিংয়ে যান। গতকাল তিনি কালিম্পংয়ে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেখানো হয় কালো পতাকা। এসবের মধ্যেও তিনি কালিম্পংয়ে সভা করেন। আজ দার্জিলিংয়ে একটি বিজয় সম্মিলনীতে যোগ দেওয়ার জন্য কালিম্পং থেকে দার্জিলিং আসার পথে কালীঝোড়ায় শ খানেক মানুষ কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ (ফিরে যাও) ধ্বনি দেয়। এরপরও দিলীপ ঘোষ তাঁর দলবল নিয়ে দার্জিলিংয়ের সভাস্থলে আসেন। কিন্তু সেখানে প্রচণ্ড বিক্ষোভ দেখানো শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভন্ডুল করে দেয় সভা। এরপরেই দিলীপ ঘোষ, বিজেপির আরেক নেতা জয়প্রকাশ মজুমদারসহ অন্যরা হল থেকে বাইরে এসে রাস্তা ধরে চলে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের কিলঘুষি ও লাঠি দিয়ে বেদম মারপিট করে। জুতো দিয়ে পেটায়। এ সময় জীবন রক্ষার জন্য দিলীপ ঘোষসহ অন্য নেতারা নিকটবর্তী দার্জিলিং সদর থানায় আশ্রয় নেন।
থানায় বসেই দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে বলেন, বিনয় তামাং গোষ্ঠীর একদল দুষ্কৃতকারী তৃণমূলের সমর্থনে এ হামলা চালায়। এ হামলায় তিনি নিজে আহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন তাঁর দলের কয়েকজন। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, পুলিশের সামনেই তাঁদের মারা হয়। পুলিশ কোনো সাহায্য করেনি। এদিকে এ ঘটনার পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পাহাড় অশান্ত করতে ওরা গিয়েছিল। দার্জিলিংবাসী শান্তি চায়।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে ১০৭ দিন একটানা বন্ধের পর পাহাড়ে বন্ধ্ প্রত্যাহার করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে শান্তি ফেরাতে গোর্খা জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংকে দার্জিলিংয়ের স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএর চেয়ারম্যানের দায়িত্ব দেন। কিন্তু দিলীপ ঘোষ গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো আত্মগোপনকারী বিমল গুরুংয়ের পক্ষে অবস্থান নেওয়ায় বিনয় তামাংয়ের সমর্থকেরা খেপে যায়।