দার্জিলিংয়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ১, সেনা মোতায়েন

বিক্ষুব্ধ দার্জিলিং ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে। গতকাল শনিবার সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আবারও দার্জিলিংয়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। গতকাল ছিল অনির্দিষ্টকালের বন্ধের ২৭ দিন।
গতকাল দার্জিলিংয়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জনমুক্তি মোর্চা ও জিএনএলএফের সমর্থকদের সংঘর্ষে চকবাজারে একজনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে ওষুধ কিনতে গেলে পুলিশের গুলিতে আরও এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় মোর্চা ও জিএনএলএফের সমর্থকেরা গতকাল সোনাদা থানায় ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। তারা চকবাজারের একটি ট্রাফিক পুলিশের বুথও জ্বালিয়ে দেয়। হামলা চালায় পুলিশের গাড়িতে। অগ্নিসংযোগ করে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রেলস্টেশন সোনাদায়ও। মোর্চার সমর্থকেরা খাদ্য দপ্তর ও ডিএসপির শহর অফিসও ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে জনমুক্তি মোর্চা ও জিএনএলএফের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে চকবাজারে একজনের মৃত্যু হয়। পরে পরিস্থিতি মোকাবিলায় শহরে সেনা মোতায়েন করা হয়।
গত ১২ জুন থেকে দার্জিলিংয়ে শুরু হয় এই অনির্দিষ্টকালের বন্ধ্। পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোয় বাংলা ভাষাকে আবশ্যিক ঘোষণা করার প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা এই অনির্দিষ্টকালের বন্ধের ডাক দেয়। সেই আন্দোলন এখন পৃথক রাজ্য গোর্খাল্যান্ড গড়ার আন্দোলনে পরিণত হয়।