দার্জিলিংয়ে বৃষ্টিতে ভূমিধসে নিহত ৩৮

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কালিমপং, দার্জিলিং এবং কার্শিয়াং মহকুমার অন্তত ২৫টি স্থানে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার অমিত জাভারগি।
তবে টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে মৃতের সংখ্যা ৩০। আর টেলিভিশন চ্যানেল স্টার আনন্দ বলেছে, মৃতের সংখ্যা ৩৮। নিখোঁজ রয়েছে ১৫ জন।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, ধসের কারণে শিলিগুড়ি-সিকিমের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে গেছে। গোটা পাহাড়ে কার্যত বন্ধ হয়ে গেছে যান চলাচল। আটকে পড়েছে দেশ বিদেশের বহু পর্যটক। ভূমি ধসে নিশ্চিহ্ন হয়ে গেছে এই পাহাড়ি জেলার কালিম্পং, দার্জিলিং, লাভা, লোলেগাঁও এবং কার্শিয়াংয়ের বহু ঘরবাড়ি। ভেঙে পড়েছে জাতীয় সড়কের রোহিনী-গড়িধুরা সেতুটি।
ইতিমধ্যে দার্জিলিংয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। এই কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন ও স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজে অংশ নিতে দার্জিলিং আসছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিকে এই ধসে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহত প্রত্যেকের পরিবার পিছু ৪ লাখ রুপি সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও নিহত পরিবার পিছু ২ লাখ রুপি সাহায্যে কথা বলেছেন। প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুকে নির্দেশ দিয়েছেন