দার্জিলিংয়ে শান্তি ফেরাতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য জনপদ দার্জিলিংয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কয়েক দিন ধরে শান্তি মিছিল হয়েছে। আজ বুধবার দার্জিলিংয়ের গাড়িধুরায় শান্তি মিছিল বের করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ও তৃণমূলের নেতা গৌতম দেব।

পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ২ মাস ২৭ দিন ধরে চলা অনির্দিষ্টকালের বনধের জেরে আন্দোলনকারী সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি আত্মগোপন করে আছেন। মোর্চার এক শীর্ষ নেতা বিনয় তামাং বনধের বিরোধিতা করে এবং জনমুক্তি মোর্চার বিরুদ্ধে বিদ্রোহ করে বনধের বিরুদ্ধে অবস্থান নিয়ে গতকাল মঙ্গলবার শান্তি মিছিল বের করেন। এর আগে গত রোববার দার্জিলিংয়ের পানিঘাটায়ও তাঁরা শান্তি মিছিল করেছেন। করেছেন মোমবাতি মিছিল। সোমবার শান্তি মিছিল হয়েছে মিরিকে। মঙ্গলবার শান্তি মিছিল হয়েছে কার্শিয়াংয়ে। যদিও মঙ্গলবার পাল্টা মিছিল করেছেন বিমল গুরুংয়ের নারী মোর্চার সদস্যরা। গত ১২ জুন থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বনধ শুরু হয়।
আজ শান্তি মিছিলে অংশ নিয়ে তৃণমূলের নেতা গৌতম দেব বলেন, রাজ্য সরকার পাহাড়ে শান্তি চায়। বনধ চায় না। তাই অবিলম্বে দার্জিলিংয়ে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ বুধবার শান্তি মিছিলের সময় কিছু দোকানপাটও খুলে যায়।
এদিকে দার্জিলিংজুড়ে মোর্চার নেতা-সমর্থকদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়াসহ হাঙ্গামার অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে দুই মোর্চা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।