দার্জিলিংয়ে সহিংসতা ৬০ দিন পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত হয়নি ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং। আঞ্চলিক সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে শুরু হওয়া দার্জিলিংয়ের অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ আজ বৃহস্পতিবার ৬০ দিনে পা দিল। গত ১২ জুন থেকে শুরু হয়েছিল এই বন্‌ধ্‌। তবে এখনো বন্‌ধ্‌ প্রত্যাহারের ইঙ্গিত মেলেনি। 

গোর্খা জনমুক্তি মোর্চা ঘোষণা দিয়েছিল, কেন্দ্রীয় সরকার ৮ আগস্টের মধ্যে গোর্খাল্যান্ড ইস্যুতে তাদের আলোচনার টেবিলে ডাকলে বন্‌ধ্‌ প্রত্যাহারের ঘোষণা দিতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার আলোচনার টেবিলে বসার জন্য এখনো ডাকেনি মোর্চার নেতাদের। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমস্যা সমাধানের লক্ষ্যে মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও মমতা আগেই বলেছেন, আলোচনার টেবিলে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়া নিয়ে কোনো আলোচনা হবে না।
এদিকে জনমুক্তি মোর্চার ঘোষণা অনুযায়ী, গতকাল বুধবার থেকে দার্জিলিংয়ে ‘বাংলা তুমি পাহাড় ছাড়ো আন্দোলন’ শুরু করেছে। এদিন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকসহ বিভিন্ন স্থানে মোর্চার সমর্থকেরা মিছিল করেছেন। এই মিছিল চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
এদিকে গতকাল রাতে কার্শিয়াংয়ের জিরো পয়েন্টে একটি সংবাদপত্রের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে কালিম্পংয়ের হনুমানঝোরাতে একটি পণ্যবাহী ট্রাকও পুড়িয়ে দেওয়া হয়। এ জন্য অভিযোগের তির ওঠে মোর্চার বিরুদ্ধে। কিন্তু জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং এ ঘটনার প্রতিবাদ করে এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, এর সঙ্গে মোর্চার কেউ জড়িত নন। জনমুক্তি মোর্চাও এ ঘটনার নিন্দা করছে। তবে এদিন পুলিশ জনমুক্তি মোর্চার তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে রয়েছেন নারীনেত্রী সৃজনা তামাং। এ নিয়ে পুলিশ এ পর্যন্ত ১৬ জন মোর্চা নেতা-সমর্থককে গ্রেপ্তার করেছে।