দার্জিলিংয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের বনধ্
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিংয়ে বনধ্-এর ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। আজ শনিবার দলীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয় জনমুক্তি মোর্চা। দুপুরে মালিধুরার পাতলেবাসে মোর্চার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে এবারের বনধ্ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে স্কুল কলেজ, যানবাহন, বিদ্যুৎ এবং পানি সরবরাহের মত জরুরি পরিষেবাকে। খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ। বন্ধ থাকবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব দপ্তর। একই সঙ্গে পাহাড়ের সব সাইনবোর্ড এখন থেকে নেপালি ও ইংরেজি ভাষায় লেখা হবে বলে ঘোষণা দিয়েছে মোর্চা। দলটি জানিয়েছে, ওই দুটি ভাষা ছাড়া এখানে অন্য কোনো ভাষা থাকবে না।
জনসাধারণের সুবিধার জন্য সোম ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে। আরও বলা হয়, প্রতি সপ্তাহে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে মশাল মিছিল বের হবে দার্জিলিংয়ের সব জায়গায়। এই দাবি জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখবেন। এ ছাড়াও গোর্খাল্যান্ডের সব মানুষের সাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। যাতে করে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি আরও জোরদার হয়।
জনমুক্তি মোর্চার আন্দোলনের সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতার একটি ঘোষণাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী ক’দিন আগে ঘোষণা দেন রাজ্যের সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত সব ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা পড়তে হবে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গোর্খা জনমুক্তি মোর্চা। কারণ দার্জিলিংয়ের মূল ভাষা নেপালি। বিমল গুরুং বলেছেন, তাঁরা বাংলা ভাষাকে দার্জিলিংয়ের শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে মানবেন না। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা পড়তে হবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলা ভাষা এখানে ঐচ্ছিক হিসেবে পড়তে হবে।