দার্জিলিংয়ে 'বাংলা তুমি পাহাড় ছাড়ো' আন্দোলন
ব্রিটিশবিরোধী ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তিতে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভারত সরকার পালন করছে ’তেরঙ্গা যাত্রা’ কর্মসূচি। এই কর্মসূচি এবার ভিন্নভাবে পালন করার উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের আঞ্চলিক সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা নেতা বিমল গুরুং গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘৯ থেকে ১৫ আগস্ট তেরঙ্গা যাত্রায় শামিল হব আমরা। পাহাড়, তরাই ও ডুয়ার্সে তেরঙ্গা যাত্রা করব। তবে এ ক্ষেত্রে “বন্দে মাতরম” স্লোগানের সঙ্গে “জয় গোর্খা, জয় গোর্খাল্যান্ড” এবং “বাংলা (পশ্চিমবঙ্গ) তুমি পাহাড় ছাড়ো” স্লোগান দেওয়া হবে।’
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে মোর্চার ডাকে ৫৬ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের দার্জিলিং বন্ধ্। চলছে অনশন আন্দোলনও।
বিমল গুরুং ওই বিবৃতিতে আরও বলেছেন, ‘ব্রিটিশ সরকার যেমন ভারতবাসীকে কৃতদাস করে রেখেছিল, মানুষ স্বাধীনভাবে চলতে-ফিরতে পারত না, এখন বাংলার সরকারও আমাদের কোনো স্বাধীনতা দিচ্ছে না। তাই আমাদের এই আন্দোলন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত জনমুক্তি মোর্চাদলীয় পতাকা ছেড়ে শুধু জাতীয় পতাকা নিয়ে গোর্খাল্যান্ড আন্দোলনে শামিল হবে।’
এদিকে গোর্খা জনমুক্তি মোর্চা ঘোষণা দিয়েছে, ৮ আগস্টের মধ্যে কেন্দ্রীয় সরকার গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার উদ্যোগ না নিলে এই আন্দোলন আরও তীব্র করা হবে। অন্যদিকে, গোর্খাল্যান্ডের দাবিতে অনশনরত ১৩ জন অনশনকারীর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছে। অন্যদিকে, গত ৮ জুনের পুলিশ-জনমুক্তি মোর্চার সংঘর্ষের জেরে দায়েরকৃত মামলায় গত শুক্রবার রাতে শিলিগুড়ির শালুগাড়া থেকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা নরবু জি লামাকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।