দার্জিলিংয়ের আগুন নেভেনি : হাজারো মানুষের শোক মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ের আগুন এখনো নেভেনি। ফুঁসছে গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের প্রচণ্ড সংঘর্ষে চারজন মোর্চা সমর্থক প্রাণ হারানোর পর আজ জনমুক্তি মোর্চা দার্জিলিং জুড়ে পালন করেছে কালো দিবস। আর এই দিবসের দিনে আজ রোববার দার্জিলিংবাসী জাতীয় এবং কালো পতাকা হাতে নিহত সমর্থকদের দেহ নিয়ে শোক মিছিল করেছে।
আজ সকালে শহরের চকবাজার থেকে বের হয় এই মৌন মিছিল। মোট ছয়টি মিছিলের গন্তব্য ছিল সিংমারির জেলা প্রশাসকের দপ্তর। এই মিছিলে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয় বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়। এই মিছিল নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে দার্জিলিংয়ের নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, সিআরপিএফ, কমব্যাট ফোর্স, র্যাফসহ পুলিশ বাহিনী।
এদিকে আজ দার্জিলিংয়ে বন্ধ থাকে টেলিভিশন সম্প্রচার। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা। মোর্চার সমর্থকেরা আজ বাড়ি বাড়ি তোলে কালো পতাকা। শনিবার রাতেও জনমুক্তি মোর্চার সমর্থকেরা কালিম্পংয়ে সরকারি অফিস এবং দুটি পঞ্চায়েত অফিসে আগুন ধরিয়ে দেয়।
আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা দার্জিলিং পরিস্থিতির বিস্তারিত তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। স্বরাষ্ট্রমন্ত্রীও এক টুইট বার্তায় দার্জিলিংবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানান। বলেন, হিংসা দিয়ে সমস্যার সমাধান হয় না। গণতন্ত্রে হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই ভেদাভেদ ভুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
এদিকে আজ ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে গোর্খা জনমুক্তি মোর্চা বিক্ষোভ দেখিয়েছে। দাবি তুলেছে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের।
গত দিন দিন ধরে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং লোকচক্ষুর অন্তরালে। আত্মগোপন করে আছেন। গতকাল এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের দার্জিলিংয়ে দমনপীড়ন নীতির কারণে দার্জিলিংয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, শনিবারের সংঘর্ষে তার দলের চারজন সমর্থকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছেন। বিমল গুরুং তার বার্তায় বলেছেন, পুলিশের এই দমনপীড়নের জবাব দিতে হবে সবাইকে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রশাসনের বিরোধিতা করে। অন্য একটি সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, বিমল গুরুং এখন দার্জিলিংয়ের পার্শ্ববর্তী নেপালের কোনো এক অজ্ঞাত স্থানে আত্মগোপন করে থাকতে পারেন।
অন্যদিকে কার্শিয়াংয়ে বিজেপির সমর্থকেরা পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে জনমুক্তি মোর্চার আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। গতকাল বিজেপির স্থানীয় নেতা শান্তা কিশোর গুরুংয়ের নেতৃত্বে বিজেপির সমর্থকেরা কার্শিয়াংয়ে মিছিলেও পা মেলান।
গতকাল শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলেন, দার্জিলিংয়ের এই আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র আছে। বিদেশি শক্তি এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই আন্দোলনের পেছনে রয়েছে। তার প্রমাণও মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ।
উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি বা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরো ল্যান্ডের পরেশ বড়ুয়া গোষ্ঠী, পিজেএসিবিএম ও আবাসু শনিবার একটি সংবাদ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, তারা দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে সমর্থন করে। পাশাপাশি তারা এ কথাও বলেছেন, শনিবারের গুলি ও মৃত্যুর ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একই সঙ্গে তারা এ ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।
এদিকে পাহাড় ছাড়িয়ে মোর্চার এই উত্তাপ ছড়িয়ে পড়েছে ডুয়ার্সে। আজ রোববার গোর্খা জনমুক্তি মোর্চা ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্ধ্ ডাকলেও সেখানে বন্ধে আংশিক সাড়া মিলেছে।